টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনয় জগতের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই মধুর। বিশেষ করে বোন পল্লবী চট্টোপাধ্যায়ের প্রতি তাঁর ভালোবাসা মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে। এবার বোনের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়ে তাঁকে শুভেচ্ছা জানালেন বুম্বাদা।
দাদার মতো বিপুল জনপ্রিয়তা না পেলেও টলিউডের পরিচিত ও প্রতিভাবান অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। প্রসেনজিতের থেকে বয়সে তিন বছরের ছোট তিনি। মজার বিষয়, দাদার জন্মদিনের ঠিক এক মাস পরেই পল্লবীর জন্মদিন। বিশেষ এই দিনে বোনের সঙ্গে একটি পুরনো ছবি ভাগ করে নিয়েছেন প্রসেনজিৎ। ছবির সঙ্গে অভিনেতা লিখেছেন, ‘শুভ জন্মদিন। তোমার জন্য অফুরন্ত সুখ, সুস্বাস্থ্য এবং সুন্দর স্মৃতিতে ভরা একটি জীবন কামনা করছি। পৃথিবীর সমস্ত ভালোবাসা এবং আনন্দ তোমার প্রাপ্য। অনেক অনেক ভালোবাসা।’ দাদা-বোনের পুরনো ছবিটি দেখে নেটিজেনদেরও নজর কেড়েছে তাঁদের আন্তরিক সম্পর্ক।
অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন ধরেই টলিউডে নিজের জায়গা ধরে রেখেছেন পল্লবী। এখনও পর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘দোসর’ ছবিতে বৃন্দা চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। এছাড়াও ‘অমর প্রেম’, ‘পুরুষোত্তম’, ‘যুগান্ত’, ‘এক মুঠো ছবি’, ‘আবর্ত’, ‘খাদ’, ‘গণেশ টকিজ’, ‘গেমপ্ল্যান’, ‘শাহজাহান রিজেন্সি’ এবং ‘শেষের গল্প’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করেছেন পল্লবী। ইটিভি, স্টার প্লাস এবং দূরদর্শনের একাধিক জনপ্রিয় ধারাবাহিক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি।
অভিনয় জীবনের পাশাপাশি পল্লবীর ব্যক্তিগত জীবন নিয়েও একাধিকবার চর্চা হয়েছে। মাত্র ১৩ বছর বয়সে নিজের মামাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন বলে জানা যায়। পরবর্তীকালে সেই বিয়ে ভেঙে যায়। জীবনে পরপর দুটি বিয়ে ভেঙে যাওয়ার পর নতুন করে আর কোনও সম্পর্কে জড়াননি অভিনেত্রী। বর্তমানে তিনি সিঙ্গল জীবনযাপন করছেন এবং বেশিরভাগ সময় মুম্বইতেই থাকেন। সম্প্রতি কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে কলকাতায় এসেছিলেন পল্লবী। সেই সময় তাঁর পরনে শাখা-পলা ও সিঁদুর দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল। কেন এই সাজে থাকেন তিনি? অভিনেত্রী জানিয়েছিলেন, ভালোবাসেন বলেই শাখা-সিঁদুর পরেন। জীবনে স্বামী না থাকলেও ভালোবাসার অনুভূতি থেকেই এই সাজ তাঁর পছন্দ।

সব মিলিয়ে, জন্মদিনে দাদার কাছ থেকে পাওয়া এমন ভালোবাসার বার্তা পল্লবীর বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলল। প্রসেনজিতের শুভেচ্ছাবার্তাতেও স্পষ্ট, তারকা পরিচয়ের বাইরে তাঁদের সম্পর্কের জায়গাটি কতটা গভীর।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.