বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ নতুন নয়। কখনও সম্পর্ক, কখনও অসুস্থতা, আবার কখনও মৃত্যুর গুঞ্জন— সোশ্যাল মিডিয়ার যুগে মুহূর্তে ছড়িয়ে পড়ে নানা খবর। সম্প্রতি সেই ভুয়ো খবরে শিকার হলেন প্রবীণ অভিনেতা শক্তি কাপুর। শুক্রবার সকালে আচমকাই সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যুর খবর ভাইরাল হয়ে যায়। স্বাভাবিক ভাবেই উদ্বেগে পড়েন অনুরাগীরা।
খবর ছড়িয়ে পড়তেই অভিনেতার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের কাছেও একের পর এক ফোন যেতে শুরু করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, শেষ পর্যন্ত নিজেই সামনে এসে ভক্তদের আশ্বস্ত করতে বাধ্য হন শক্তি কাপুর। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অভিনেতা স্পষ্ট জানান, তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে।
ভিডিয়োয় শক্তি কাপুর বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। একই সঙ্গে অনুরাগীদের উদ্দেশে আবেদন জানান, যেন কেউ এই ধরনের গুজবে বিশ্বাস না করেন। অভিনেতার কথায়, এই ধরনের মিথ্যে খবর শুধু তাঁকে নয়, তাঁর পরিবার ও কাছের মানুষদেরও মানসিক চাপে ফেলে।
এখানেই থেমে থাকেননি শক্তি কাপুর। যাঁরা এই ভুয়ো খবর ছড়িয়েছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অভিনেতা জানান, গোটা বিষয়টি নিয়ে তিনি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর মতে, কোনও ব্যক্তিকে নিয়ে এভাবে মিথ্যে মৃত্যুর খবর ছড়ানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ।
উল্লেখ্য, এর আগেও একাধিক তারকাকে ঘিরে এমন গুজব ছড়িয়েছে। সম্প্রতি বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কেও নিয়ে একই ধরনের বিভ্রান্তিকর খবর সামনে এসেছিল, যা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁর ঘনিষ্ঠরা। আবারও এমন ঘটনা সামনে আসায় সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানো নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.