নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ‘আপত্তিকর’ ভিডিয়ো ঘিরে তৈরি হয়েছে জল্পনা। ভিডিয়োটিতে অভিনেত্রী শালিনী পাণ্ডেকে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও, অভিনেত্রী নিজেই জানিয়েছেন, সেটি সম্পূর্ণ ভুয়ো। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করে ভিডিয়োটি তৈরি করা হয়েছে।
সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে ‘অর্জুন রেড্ডী’ খ্যাত অভিনেত্রী বিষয়টি স্পষ্ট করেন। শালিনী জানান, অনলাইনে তাঁর নামে একটি ভুয়ো AI-নির্মিত ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনি নন বলেও স্পষ্ট করে জানিয়েছেন অভিনেত্রী।
শালিনীর কথায়, প্রযুক্তির অপব্যবহার করে কাউকে নিশানা করা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে মহিলাদের হেনস্থা বা ক্ষতি করার উদ্দেশ্যে প্রযুক্তিকে ব্যবহার করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, এই ধরনের হয়রানিকে কোনওভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া উচিত নয়।
আরও পড়ুন,
‘বড় ফাঁড়া থেকে বাঁচলাম’, শুটিংয়ের মাঝে আচমকা চোখে চোট আরাত্রিকার, কী ঘটেছিল?
ভিডিয়োটি কারও নজরে পড়লে সেটি শেয়ার, ফরওয়ার্ড বা ডাউনলোড না করার অনুরোধ জানিয়েছেন শালিনী। বরং সঙ্গে সঙ্গে ভিডিয়োটি রিপোর্ট করার আবেদন করেছেন তিনি। একই সঙ্গে সমাজমাধ্যম ব্যবহারকারীদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার বার্তাও দিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন,
DeSu7: প্রকাশ্যে ‘DeSu7’-এর টিজার, ফিরছে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত জুটি
শালিনীর বক্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আর কোনও বিভ্রান্তি থাকার কথা নয়। অভিনেত্রীর দাবি অনুযায়ী, ভিডিয়োটিতে তাঁকে দেখানো হয়নি এবং সেটি AI প্রযুক্তির সাহায্যে তৈরি করা একটি ভুয়ো ভিডিয়ো।
উল্লেখ্য, তেলুগু, হিন্দি ও তামিল ছবিতে কাজ করেছেন শালিনী পাণ্ডে। জব্বলপুরে থিয়েটারের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করার পর ২০১৭ সালে সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘অর্জুন রেড্ডী’ ছবিতে বিজয় দেবরকোন্ডার বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। প্রীতি শেট্টীর চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান শালিনী। এরপর ‘মহানটী’, ‘১১৮’, ‘জয়েশভাই জোরদার’ এবং ‘মহারাজ’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.