‘বিগ বস বাংলা’র ঘরে সোহিনী পালকে প্রায়ই একটি ঢিলেঢালা ডেনিম জ্যাকেট পরে থাকতে দেখা যায়। কখনও ঘুম থেকে ওঠার পর, কখনও আবার অবসর সময়ে—বাড়ির অন্য পোশাকের বদলে বারবার সেই জ্যাকেটটিই বেছে নিতে দেখা যাচ্ছে তাঁকে। দর্শকদের চোখে পড়া এই অভ্যাসের নেপথ্যে যে গভীর আবেগ লুকিয়ে রয়েছে, তা এবার প্রকাশ করলেন সোহিনীর মা নন্দিনী পাল।
সমাজমাধ্যমে তাপস পাল ও মেয়ে সোহিনীর বেশ কিছু পুরনো ছবি শেয়ার করেছেন নন্দিনী। সেখানেই তিনি জানিয়েছেন, সোহিনীর পরনে থাকা সেই ডেনিম জ্যাকেটটি আসলে প্রয়াত অভিনেতা তাপস পালের। ছোটবেলা থেকেই বাবার এই পোশাকটির সঙ্গে মেয়ের বিশেষ এক আবেগ জড়িয়ে রয়েছে। বছরের পর বছর ধরে যেখানেই সোহিনী গিয়েছেন, এই জ্যাকেটটিকে সঙ্গে রাখতে দেখেছেন তাঁর মা।
নন্দিনীর পোস্টে ধরা পড়েছে জ্যাকেটটিকে ঘিরে তিন সময়ের তিনটি স্মৃতি। ছোটবেলায় বাবার সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে জ্যাকেটটি পরা সোহিনীর একটি ছবি, ২০১৫ সালে একই জ্যাকেট পরা তাপস পালের ছবি এবং ২০২৬ সালে ‘বিগ বস বাংলা’র ঘরে সেই জ্যাকেট গায়ে সোহিনীর ছবি—এই তিনটি মুহূর্ত পাশাপাশি রেখে মেয়ের সঙ্গে পোশাকটির গভীর সম্পর্কের কথা তুলে ধরেছেন তিনি।
মেয়ের এই অভ্যাসের কারণ কখনও সরাসরি জানতে চাননি নন্দিনী। তবে একজন মা হিসেবে তাঁর উপলব্ধি, সোহিনী হয়তো এখনও সেই জ্যাকেটের মধ্যে বাবার গন্ধ, স্পর্শ এবং উপস্থিতি অনুভব করেন। তাপস পালের কাছ থেকে পাওয়া নিরাপত্তা, ভালোবাসা ও আদরের স্মৃতিগুলিই হয়তো এই পোশাকটির সঙ্গে জড়িয়ে রয়েছে সোহিনীর মনে।

তাই এত পোশাকের মধ্যে থেকেও কেন বারবার ওই পুরনো ডেনিম জ্যাকেটটিই সোহিনীর পছন্দ, তার উত্তর যেন লুকিয়ে রয়েছে আবেগের মধ্যেই। বাবার শারীরিক উপস্থিতি আজ আর নেই, কিন্তু তাঁর স্মৃতিকে নিজের কাছে ধরে রাখার এক নীরব মাধ্যম হয়ে উঠেছে সেই জ্যাকেট।
‘বিগ বস বাংলা’র ঘরে মেয়েকে ওই জ্যাকেট পরে থাকতে দেখে দূর থেকেও বাবার ভালোবাসায় সোহিনীকে আগলে রাখার অনুভূতি পান নন্দিনী। তাপস পাল তাঁদের মধ্যে না থাকলেও তাঁর স্মৃতি যে এখনও সোহিনীর জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে, বাবার পুরনো জ্যাকেটের এই গল্প তারই আবেগঘন প্রমাণ। অন্যদিকে, বাবার পরিচয়ের আবেগকে সঙ্গে নিয়েই ‘বিগ বস বাংলা’র ঘরে নিজের আলাদা পরিচয় তৈরি করে চলেছেন তাপসকন্যা সোহিনী।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.