Sourav Ganguly: ‘বাবা রোজ সকাল ৮টায় মাংস-ভাত খাইয়ে স্কুলে পাঠাতেন’, সৌরভের স্মৃতিচারণ, তাতেও ট্রোলের মুখে ‘দাদা’

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক এবং সর্বকালের অন্যতম সেরা ওয়ানডে ব্যাটসম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। ক্রিকেটের মাঠে তাঁর সাফল্য যেমন বাঙালির গর্ব, তেমনই তাঁর জীবনের নানা অজানা গল্পও বরাবরই অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ছোটবেলার একটি স্মৃতি শেয়ার করলেন সৌরভ। জানালেন, স্কুলে যাওয়ার আগে তাঁর বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় নিজের হাতে মেখে তাঁকে ভাত খাইয়ে দিতেন। শুধু তাই নয়, সেই ভাতে থাকত মাংস ও লেবু।

সৌরভের কথায়, “সকালবেলা আটটায় স্কুলে যেতাম। আমার বাবা আমাকে নিজের হাতে লেবু দিয়ে মাংস দিয়ে ভাত মেখে খাইয়ে স্কুলে পাঠাতেন। নিজের হাতে খাইয়ে দিতেন। সকালে বেরিয়ে যেতাম, বিকেল ৫টায় আসতাম। সকাল ৮টার সময় মাংস দিয়ে ভাত খাওয়াতেন, যাতে সারাদিন পেট ভরা থাকে। একদম আলাদা একটা প্রজন্ম আসলে।” সৌরভ আরও জানান, তাঁদের পরিবারের রীতি অনুযায়ী সকালে তাঁর মা নিরূপা গঙ্গোপাধ্যায় ঠাকুরঘরে থাকতেন। তাঁর সঙ্গে থাকতেন সৌরভের পাঁচ কাকিমাও। ফলে ছেলেদের খাওয়ানোর দায়িত্ব অনেকটাই সামলাতেন তাঁর বাবা।

আসলে সৌরভের ক্রিকেটার হয়ে ওঠার পিছনে তাঁর বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ১৪ বছর বয়সে তাঁকে পেশাদার ক্রিকেটের প্রশিক্ষণে ভর্তি করানো থেকে শুরু করে উন্নত প্রশিক্ষণের জন্য ইংল্যান্ডে পাঠানো—সব ক্ষেত্রেই বাবার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দুই ছেলের ক্রিকেট অনুশীলনের সুবিধার জন্য বেহালার বাড়িতে ইনডোর মাল্টি-জিম এবং ক্রিকেট পিচও তৈরি করেছিলেন তিনি। সৌরভের এই পুরনো দিনের স্মৃতিচারণের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অবশ্য শুরু হয় নানা ধরনের মন্তব্য। একজন লেখেন, তাঁর বাবাও নাকি সকাল ৮টায় তাঁকে ভাত মেখে খাইয়ে অফিসে যেতেন। তাঁর কথায়, সেই প্রজন্মের বাবারা এমনই ছিলেন।

তবে সবাই যে সৌরভের স্মৃতিকে একইভাবে নিয়েছেন, তা নয়। এক নেটিজেন প্রশ্ন তোলেন, “বাবা কত বড়লোক যে রোজ মাংস হত! তাও সকাল ৮টায়।” সেই মন্তব্যের পাল্টা জবাব দেন সৌরভের এক অনুরাগী। তাঁর বক্তব্য, সৌরভ ‘দাদাগিরি’ অনুষ্ঠানেও একই স্মৃতির কথা বলেছিলেন। তাই বারবার একই কথা বলার পিছনে মিথ্যা বলার কারণ নেই। আরেকজনের মন্তব্য, “বাবারা বোধহয় এরকমই হন”—যা অনেকেরই ছোটবেলার স্মৃতিকে উসকে দিয়েছে।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও অবশ্য সৌরভের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। বরং খুব শীঘ্রই তাঁকে ফের দেখা যাবে টেলিভিশনের পর্দায়, একেবারে নতুন ভূমিকায়। স্টার জলসায় আসতে চলেছে বাংলা ‘বিগ বস’, আর সেই অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক