বাংলা টেলিভিশনের পরিচিত অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ-কে সম্প্রতি ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে কম দেখা যাওয়ায় দর্শকদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছিল। অনেকেরই প্রশ্ন ছিল, তবে কি তিনি ধারাবাহিকটি ছেড়ে দিয়েছেন? অবশেষে সেই জল্পনারই জবাব দিলেন অভিনেত্রী নিজে।
এক সাক্ষাৎকারে শ্রীময়ী স্পষ্ট জানিয়েছেন, তিনি এখনও ধারাবাহিকের সঙ্গেই যুক্ত রয়েছেন। তাঁর কথায়, গল্পের বর্তমান ট্র্যাক বদলে যাওয়ার কারণেই কিছুদিন তাঁকে পর্দায় দেখা যায়নি। অভিনেত্রী জানান, গল্পের প্রয়োজন অনুযায়ী চরিত্রদের উপস্থিতি নির্ধারণ করেন চিত্রনাট্যকার। তাই কোনও চরিত্র কিছুদিন অনুপস্থিত থাকলেই ধারাবাহিক ছেড়ে দেওয়ার বিষয়টি সত্যি হয় না।
শ্রীময়ী আরও বলেন, তাঁর চরিত্রের মতোই ধারাবাহিকে তাঁর স্বামীর চরিত্রটিকেও শুরু থেকেই দেখানো হয়নি। গল্পের মোড় অনুযায়ী পরে সেই চরিত্রের আবির্ভাব ঘটে। ফলে তাঁর ক্ষেত্রেও একই বিষয় ঘটেছে বলেই দাবি অভিনেত্রীর।
উল্লেখ্য, মা হওয়ার পর কিছুটা বিরতি নিয়েই এই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরেছিলেন শ্রীময়ী। প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট-এর সঙ্গে তাঁর দীর্ঘদিনের কাজের সম্পর্ক রয়েছে। অভিনেত্রী একাধিকবার জানিয়েছেন, এই সংস্থার সঙ্গে কাজ করা তাঁর কাছে ঘরে ফেরার মতো অনুভূতি। এমনকি গর্ভাবস্থার সময়েও প্রযোজনা সংস্থার কাছ থেকে তিনি যথেষ্ট সহযোগিতা পেয়েছিলেন বলেও জানিয়েছেন।
এর আগে মেয়ের জন্মের পর বুলেট সরোজিনী ধারাবাহিকে অভিনয় করেছিলেন শ্রীময়ী। সেখানে ‘রাগিনী চট্টোপাধ্যায়’ চরিত্রে দেখা গেলেও মাঝপথেই সেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান তিনি। অভিনেত্রীর বক্তব্য ছিল, চরিত্রটির বয়স তাঁর বাস্তব বয়সের তুলনায় অনেকটাই বেশি ছিল। পরে সেই ভূমিকায় অভিনয় করেন মল্লিকা বন্দোপাধ্যায়।
বর্তমানে ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়, কৌশিক রায় এবং অলিভিয়া সরকার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.