সমাজের বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যেই নিজের মতামত প্রকাশ করেন অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়। এ বার বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের নিয়ে সরব হলেন কাজলের বোন। সমাজমাধ্যমে এমন সম্পর্কের সমালোচনা করে তনিশা দাবি করেছেন, কোনও নারী জেনেশুনে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালে তাঁকে নারীবাদী বলা যায় না। বরং তাঁর মতে, এই ধরনের সম্পর্কে অন্য এক নারীকেই অসম্মান করা হয়।
সম্প্রতি সমাজমাধ্যমে তনিশা লেখেন, “বিবাহিত পুরুষের সঙ্গে যে নারীরা সম্পর্কে জড়ান, তাঁরা নারীবাদী নন। বরং তাঁরা নারীদের বিরুদ্ধেই অবস্থান নেন।” তাঁর বক্তব্য, অন্য এক মহিলার স্বামীর সঙ্গে সম্পর্কে জড়ানো আসলে সেই মহিলার প্রতি অসম্মান।
তবে শুধু ওই নারীকেই দায়ী করেননি অভিনেত্রী। তাঁর মতে, বিবাহিত পুরুষটিরও সমান দায় রয়েছে। তনিশা স্পষ্ট করে বলেন, সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে পুরুষটির চরিত্র নিয়েও প্রশ্ন ওঠে। একই সঙ্গে জেনেশুনে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের ‘অশুভ’ ও ‘ক্ষতিকর’ বলেও মন্তব্য করেন তিনি। এমন ব্যক্তিদের শিশুদের সামনে আদর্শ হিসেবে তুলে ধরা উচিত নয় বলেও মত তাঁর।
তনিশার এই বক্তব্যকে সমর্থন করেছেন সমাজমাধ্যমের বেশ কিছু ব্যবহারকারী। তাঁদের একাংশের বক্তব্য, বিবাহিত সম্পর্কের বাইরে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে পুরুষ ও নারী—উভয়েরই দায় রয়েছে। আবার কেউ কেউ মনে করেছেন, ইচ্ছাকৃত ভাবে কারও সংসারে ভাঙন ধরানোর চেষ্টা করলে লিঙ্গ নির্বিশেষে সংশ্লিষ্ট ব্যক্তির দায় থাকা উচিত।
এর আগেও নারীবাদ এবং সমাজে নারীর অবস্থান নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন তনিশা। গত বছর নারীবাদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় সংস্কৃতিতে নারীদের প্রতি শ্রদ্ধার দীর্ঘ ঐতিহ্যের কথা উল্লেখ করেছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে নানা কারণে সেই মূল্যবোধে অবক্ষয় ঘটেছে বলেও মত প্রকাশ করেছিলেন অভিনেত্রী।
অভিনয়জীবনের শুরু ২০০৩ সালে ‘শশশ…’ ছবির মাধ্যমে। কর্ণ নাথ ও ডিনো মোরিয়ার সঙ্গে অভিনীত এই ভৌতিক ছবিটি অবশ্য বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। পরবর্তী সময়ে ‘সরকার’, ‘নীল অ্যান্ড নিকি’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন তনিশা। তবে টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস্’-এর মাধ্যমে তাঁর পরিচিতি আরও বাড়ে। ২০১৩ সালের ‘বিগ বস্’-এর সপ্তম সিজ়নে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। সেই মরসুমের বিজয়ী ছিলেন গৌহর খান।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.