রাজ্যে পালাবদলের পর থেকেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নানা সমস্যা ও অচলাবস্থা নিয়ে অভিযোগ উঠছিল। ইম্পা ও ফেডারেশনের মতো সংগঠনগুলিতে সদস্যপদ, গিল্ডের কার্ড এবং নির্বাচন ঘিরে দীর্ঘদিনের জটিলতারও অভিযোগ ছিল। এবার সেই সমস্যা মেটাতে টলিউডের ২৬টি গিল্ডে সরাসরি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার নন্দনে টলিউডের বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট মহলের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়। মিঠুন চক্রবর্তীর তত্ত্বাবধানে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অভিনেতা জিৎ, পরিচালক হরনাথ চক্রবর্তী, প্রযোজক অতনু রায়চৌধুরি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন প্রযোজনা সংস্থার প্রতিনিধিরাও। টলিপাড়ার বিভিন্ন গিল্ডের সদস্যদেরও বৈঠকে দেখা যায়।
কবে হবে নির্বাচন?
বৈঠকে ঠিক হয়েছে, আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ফেডারেশনের আওতাধীন ২৬টি গিল্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করে গণতান্ত্রিক পদ্ধতিতে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল গিল্ডের সদস্যপদ এবং বৈধ সদস্যদের পরিচয়পত্র বা কার্ড সংক্রান্ত জটিলতা। জানা গিয়েছে, বৈধ সদস্যদের নতুন কার্ড দেওয়া হবে। ভবিষ্যতে টলিপাড়ায় কাজের ক্ষেত্রে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বৈঠক শেষে মিঠুন চক্রবর্তী স্পষ্ট ভাষায় জানান, নির্বাচন না হওয়া পর্যন্ত পরিস্থিতির উপর নজর রাখা হবে। তাঁর কথায়, “যতদিন না নির্বাচন হয়, ততদিন চোখ খোলা থাকবে। ইন্ডাস্ট্রিতে কোনও নর্দমা থাকবে না।” অর্থাৎ, টলিউডের সংগঠনগুলিতে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও জটিলতা দূর করার ব্যাপারে এবার কড়া অবস্থান নেওয়া হচ্ছে বলেই মনে করা হচ্ছে।
বৈঠকের পর অভিনেতা জিৎ জানান, গোটা প্রক্রিয়াটি মিঠুন চক্রবর্তীর নেতৃত্বেই এগোচ্ছে। তাঁর কথায়, বিষয়টি নিয়ে তিনি আশাবাদী এবং আগামী দিনে আরও বৈঠক হবে। ইম্পাতেও নির্বাচন হবে বলে জানান জিৎ।
সব মিলিয়ে, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে টলিউডের সংগঠনগুলিতে নতুন করে গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর উদ্যোগ শুরু হয়েছে। এখন নজর ৩১ অক্টোবর ও ১ নভেম্বরের নির্বাচনের দিকে—২৬টি গিল্ডে ভোটের পর নতুন কমিটি ইন্ডাস্ট্রির সমস্যাগুলি কতটা সমাধান করতে পারে, সেটাই দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.