পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, স্বাস্থ্যবিমার ক্যাশলেস সীমা বেড়ে ৫ লক্ষ

পুজোর আগে রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য বড়সড় সুখবর। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় স্বাস্থ্যবিমার ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়িয়ে দেওয়া হল। এতদিন তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পাওয়া যেত। এবার সেই সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।

অর্থদপ্তরের মেডিক্যাল সেলের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করালে অতিরিক্ত ৩ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, আগের ২ লক্ষ টাকার সীমার সঙ্গে আরও ৩ লক্ষ টাকা যোগ হয়ে মোট ক্যাশলেস চিকিৎসার সীমা দাঁড়াল ৫ লক্ষ টাকা।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে প্রায় ১১ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে প্রায় আড়াই লক্ষ সরকারি কর্মী এবং প্রায় দেড় লক্ষ পেনশনভোগী রয়েছেন। পাশাপাশি, তাঁদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরাও এই সুবিধার আওতায় থাকবেন।

শুধু স্বাস্থ্যবিমার পরিমাণ বাড়ানোই নয়, চিকিৎসার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় কো-মর্বিডিটি-সহ বিভিন্ন রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ বা সুপার স্পেশালিস্টের পরামর্শ নেওয়ার জন্য আর প্রাথমিক চিকিৎসকের রেফারেল নোট বাধ্যতামূলক থাকবে না।

ফলে প্রয়োজন অনুযায়ী রোগীরা সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে জটিল বা একাধিক শারীরিক সমস্যার ক্ষেত্রে এই নিয়মের পরিবর্তন রোগীদের জন্য চিকিৎসা প্রক্রিয়াকে আরও সহজ করতে পারে।

20260918 071404
নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের পক্ষ থেকে ডা. রাজীব পাণ্ডে জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে বহু মানুষ রাজ্যের গুরুত্বপূর্ণ বেসরকারি হাসপাতালগুলিতে আধুনিক চিকিৎসার সুযোগ নিতে পারবেন।

অর্থাৎ, পুজোর মুখে রাজ্য সরকারি কর্মী ও তাঁদের পরিবারের জন্য স্বাস্থ্যসুরক্ষার ক্ষেত্রে একদিকে যেমন ক্যাশলেস চিকিৎসার সীমা আড়াই গুণ বাড়ল, তেমনই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার নিয়মেও এল বড়সড় সরলীকরণ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক