বিহারের বক্সার জেলার দুমরাও শহরে এক অবিশ্বাস্য ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় ১৩২ ফুট উঁচু একটি মোবাইল টাওয়ার রাতারাতি সম্পূর্ণ উধাও হয়ে যাওয়ার ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুলিশ প্রশাসনও। বিশাল আকারের এই কাঠামো কীভাবে এবং কারা সরিয়ে নিয়ে গেল, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, যে জমিতে টাওয়ারটি স্থাপিত ছিল, সেই জমির মালিকও এ বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি। তদন্তকারীদের কাছে তিনি জানিয়েছেন, টাওয়ারটি কীভাবে নিখোঁজ হল সে সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই।
শুধু টাওয়ারই নয়, তার সঙ্গে থাকা একটি জেনারেটর এবং টাওয়ার পরিচালনার জন্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিও উধাও হয়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যেখানে একসময় বিশাল মোবাইল টাওয়ারটি দাঁড়িয়ে ছিল, সেখানে এখন কেবল ফাঁকা জায়গা পড়ে রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এটি কোনও সাধারণ চুরির ঘটনা নয়। এত বড় একটি কাঠামো খুলে নিয়ে যেতে যথেষ্ট সময়, পরিকল্পনা এবং প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হয়। ফলে অপরাধীরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই এই কাজ করেছে বলে অনুমান তদন্তকারীদের।
তদন্তকারীদের মতে, টাওয়ারটি যদিও দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় ছিল, তবুও তার লোহার কাঠামো এবং অন্যান্য যন্ত্রাংশের আর্থিক মূল্য ছিল। সেই কারণেই চোরচক্রের নজরে এটি পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে পুলিশ ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং কীভাবে পুরো টাওয়ারটি সরিয়ে নেওয়া হল, তার সূত্র খুঁজে বের করার চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত কোনও গুরুত্বপূর্ণ সূত্র হাতে আসেনি। ফলে ১৩২ ফুট উঁচু মোবাইল টাওয়ারের রহস্যজনক অন্তর্ধান ঘিরে এলাকায় কৌতূহল ও উদ্বেগ দুই-ই বাড়ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.