জামাইষষ্ঠী মানেই বাঙালির অন্যতম পারিবারিক উৎসব, যেখানে আদর-আপ্যায়নের কোনও খামতি থাকে না। মাছ, মাংস থেকে শুরু করে নানা পদের রান্নার শেষে মিষ্টিমুখের জন্য বিশেষ কিছু থাকলে উৎসবের আনন্দ আরও বেড়ে যায়। এই বছর প্রচলিত পায়েসের বদলে আমের স্বাদে তৈরি একটি ভিন্নধর্মী পায়েস পরিবেশন করে চমকে দিতে পারেন অতিথিদের।
কী কী লাগবে
*পাকা মিষ্টি আম – ২টি

*দুধ – ২ কাপ
*গুঁড়ো দুধ – ৪ চা চামচ
*চিনি – ১/৩ কাপ (স্বাদমতো)
*সুজি – ১ চা চামচ
*কাজুবাদাম গুঁড়ো – ৩টি কাজুবাদামের সমপরিমাণ
প্রস্তুত প্রণালী
প্রথমে আমের খোসা ছাড়িয়ে আঁটি ফেলে ছোট টুকরো করে ব্লেন্ডারে মিহি করে নিন।
অন্যদিকে একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। এরপর আঁচ কমিয়ে আমের পাল্প মিশিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন, যাতে মিশ্রণটি সমানভাবে রান্না হয়।
কয়েক মিনিট পর গুঁড়ো দুধ ও সুজি যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। এতে পায়েসের ঘনত্ব আরও সুন্দর হবে। মিশ্রণ ঘন হতে শুরু করলে চিনি দিয়ে আবার নেড়ে নিন, যাতে সম্পূর্ণ গলে যায়।
সবশেষে কাজুবাদামের গুঁড়ো ছড়িয়ে কয়েক মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিন। স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিন। পরিবেশনের সময় ঠান্ডা ঠান্ডা আমের পায়েস উৎসবের মিষ্টিমুখে এনে দেবে এক অন্যরকম স্বাদ ও সুবাস।
এই সহজ রেসিপিতে তৈরি আমের পায়েস শুধু জামাইষষ্ঠী নয়, গরমের যে কোনও পারিবারিক অনুষ্ঠানের জন্যও হতে পারে একটি আকর্ষণীয় ডেজার্ট।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.