হিন্দু ধর্মবিশ্বাসে লক্ষ্মী দেবীকে সম্পদ, সমৃদ্ধি ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী হিসেবে মানা হয়। তাঁকে বলা হয় ‘চঞ্চলা’, অর্থাৎ তিনি স্থায়ী নন—যে গৃহে শুচিতা, শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে না, সেখানে তিনি দীর্ঘদিন অবস্থান করেন না। শাস্ত্রমতে, বিশেষ করে বাড়ির সদর দরজায় তাঁর বাস বলে মনে করা হয়। তাই সেই স্থান অপরিষ্কার বা অগোছালো থাকলে দেবী অসন্তুষ্ট হন বলে বিশ্বাস।
তবে ধর্মীয় মতে, দেবী লক্ষ্মী হঠাৎ গৃহত্যাগ করেন না। তার আগে তিনি নানা সঙ্কেত পাঠান, যাতে গৃহস্থরা নিজেদের ভুল শুধরে নেওয়ার সুযোগ পান। চলুন জেনে নেওয়া যাক, কোন লক্ষণগুলি দেখলে বুঝবেন দেবী রুষ্ট হয়েছেন।
১) ঘন ঘন অর্থহানি
জীবনে আর্থিক ক্ষতি হতেই পারে। কিন্তু যদি অল্প সময়ের মধ্যে বারবার অর্থহানি ঘটে, ব্যবসায় লোকসান হয় বা অকারণে টাকা খরচ হয়ে যায়, তা হলে সতর্ক হওয়া জরুরি। বিশ্বাস করা হয়, এটি মা লক্ষ্মীর অসন্তুষ্টির অন্যতম সঙ্কেত। অর্থ ব্যবহারে অসতর্কতা বা অপচয় তাঁর রোষের কারণ হতে পারে।
২) সংসারে অশান্তি বৃদ্ধি
পরিবারে হঠাৎ ঝগড়া-বিবাদ বেড়ে যাওয়া, সদস্যদের মধ্যে বোঝাপড়ার অভাব, সম্পর্কের টানাপোড়েন—এসবও লক্ষ্মী রুষ্ট হওয়ার লক্ষণ বলে ধরা হয়। যে গৃহে শান্তি নেই, সেখানে সমৃদ্ধিও স্থায়ী হয় না। তাই পরিস্থিতি খারাপ হওয়ার আগেই আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো উচিত।
৩) ঘর অগোছালো ও অপরিষ্কার হয়ে পড়া
অপরিষ্কার, অগোছালো পরিবেশকে নেগেটিভ শক্তির আবাস বলে মনে করা হয়। এমন ঘরে মা লক্ষ্মী অবস্থান করেন না—এমনটাই ধর্মীয় বিশ্বাস। যদি হঠাৎ ঘর পরিষ্কার রাখার ইচ্ছা কমে যায়, জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকে এবং গৃহস্থালির শৃঙ্খলা নষ্ট হয়, তবে তা সতর্কবার্তা হতে পারে।
৪) টাকার কদর কমে যাওয়া
টাকাকেই মা লক্ষ্মীর প্রতীক ধরা হয়। অর্থের যথাযথ সম্মান না করা, যত্রতত্র ফেলে রাখা বা অপব্যয় করা দেবীর অসন্তোষ ডেকে আনে বলে বিশ্বাস। যদি নিজের মধ্যেই টাকার মূল্যবোধ কমে যেতে শুরু করে, তা হলে তা জীবনে আর্থিক অস্থিরতার পূর্বাভাস হতে পারে।
কী করবেন?
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বাড়িতে শান্তি বজায় রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করা, বড়দের সম্মান করা এবং অর্থের সঠিক ব্যবহার—এই কয়েকটি অভ্যাসই মা লক্ষ্মীর কৃপা ধরে রাখার মূল চাবিকাঠি। ভুল বুঝতে পারলেই সংশোধন করুন। কারণ, তিনি গৃহত্যাগের আগে সতর্কবার্তা দেন—সেই সঙ্কেত বুঝে সঠিক পথে ফেরাই বুদ্ধিমানের কাজ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.