ছেলের জন্মদিন উপলক্ষে মাত্র ১৬ টাকায় পোশাক বিক্রির ঘোষণা করেছিলেন এক দোকানদার। সেই বিশেষ ছাড়ের খবর ছড়িয়ে পড়তেই দোকানের সামনে উপচে পড়ে মানুষের ভিড়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত পুলিশ এসে ভিড় নিয়ন্ত্রণ করে ক্রেতাদের বাড়ি পাঠায়। ঘটনার পর দোকান বন্ধ করে পালিয়ে যান দোকানদার।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের আলমবাজার এলাকায়। সেখানে রইস আলম নামে এক ব্যক্তির জামাকাপড়ের দোকান রয়েছে। ১৬ অগস্ট তাঁর ছেলের জন্মদিন উপলক্ষে বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা করেন তিনি। ঘোষণা করা হয়, ১৫ অগস্ট রাত ১১টা ৫৯ মিনিট থেকে পরবর্তী ১৬ মিনিট দোকানের যে কোনও পোশাক মাত্র ১৬ টাকায় কেনা যাবে।
এই অভিনব অফারের প্রচার করা হয় বাজারজুড়ে এবং সমাজমাধ্যমেও। ফলে নির্ধারিত সময়ের আগেই দোকানের সামনে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। রাত সাড়ে ১১টার মধ্যেই আশপাশের এলাকা থেকে শয়ে শয়ে ক্রেতা সেখানে পৌঁছে যান। দোকানের শাটার খোলার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কম দামে পোশাক কেনার জন্য একসঙ্গে বহু মানুষ দোকানের দিকে ছুটতে শুরু করেন। অনেকে হোঁচট খেয়ে পড়ে যান। ভিড়ের চাপে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েন বলে জানা গিয়েছে। সরু রাস্তায় মানুষের এমন ভিড় তৈরি হয় যে যান চলাচলও ব্যাহত হয়।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ক্রেতাদের সেখান থেকে সরিয়ে বাড়ি পাঠায়। পরিস্থিতি বেগতিক বুঝে দোকানের ঝাঁপ ফেলে পালিয়ে যান রইস আলম। তবে তাঁর ভাইকে পুলিশ থানায় নিয়ে যায়। পুলিশের দাবি, এই ধরনের বিপুল ভিড় তৈরি হতে পারে—এমন কোনও খবর তাদের আগে দেওয়া হয়নি। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে দোকানদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় দেখা যায়, একটি সরু রাস্তায় প্রচুর মানুষ দৌড়চ্ছেন। রাস্তা দিয়ে অটো ও বাইক চলাচল করলেও তার মধ্যেই ক্রেতাদের ছুটতে দেখা যায়। এক তরুণকে ‘দৌড়ো, দৌড়ো’ বলে চিৎকার করতেও শোনা যায়। ভিডিয়োয় অনেককেই হাঁপাতে হাঁপাতে দৌড়তে দেখা যায়। চলন্ত বাইক এড়িয়ে মানুষ ছুটে যাওয়ায় পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে। গোটা রাস্তা কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
https://x.com/Sachingupta/status/2088814267109908939
‘সচিন গুপ্ত’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৭৪ হাজার মানুষ ভিডিয়োটি দেখেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ঘটনাটি নিয়ে সমাজমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরির জন্য দোকানদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে ভাইরাল ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি সংবাদ ভবন ডট কম।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.