মুম্বইয়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে আরপিএফ কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ৩১ বছরের অভিনেত্রীকে গ্রেফতার করেছে রেল পুলিশ। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান। ঘটনার তদন্ত এখনও চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ অগস্ট একটি শুটিংয়ের কাজে সুরাত যাচ্ছিলেন অন্তরা। তাঁর কাছে ছিল স্লিপার ক্লাসের টিকিট। অভিযোগ, সেই টিকিট থাকা সত্ত্বেও তিনি আরাবল্লী এক্সপ্রেসের সংরক্ষিত এসি কামরায় উঠে পড়েন। রাত সাড়ে ৯টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরীভলী ও দাহানুর মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে।
এফআইআর অনুযায়ী, এক যাত্রী অন্তরাকে সংরক্ষিত আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তিনি আসন ছাড়তে অস্বীকার করলে বিষয়টি রেল কর্তৃপক্ষ ও আরপিএফকে জানানো হয়। এরপর আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনসপেক্টর যামিনীকান্ত মিশ্র এবং কনস্টেবল রাজেশ কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অভিযোগ, আরপিএফ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি একসময় অন্তরার আচরণ হিংস্র হয়ে ওঠে। পুলিশের দাবি, তিনি নিজের পোশাক খুলে ফেলেন এবং হাতে রেজ়র ব্লেড নিয়ে আরপিএফ কর্মীদের ভয় দেখাতে শুরু করেন। ওই ব্লেড দিয়ে এক আধিকারিককে আঘাত করারও অভিযোগ রয়েছে। ঘটনায় অন্তরাও আহত হন বলে জানা গিয়েছে।
আরও অভিযোগ, যামিনীকান্ত মিশ্রের পোশাক ও মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত করেন অভিনেত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কামরার দরজা বন্ধ করে দেওয়া হয়। তখন কামরা থেকে বেরোনোর চেষ্টা করতে গিয়ে জানলার কাচ ভাঙারও চেষ্টা করেন বলে অভিযোগ।
পরে দাহানু স্টেশনে তাঁকে ট্রেন থেকে নামিয়ে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। পুরো ঘটনাটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলায় কামরার অন্যান্য যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বোরীভলী রেলপুলিশ পরে অন্তরাকে হেফাজতে নেয়। পুলিশ সূত্রের দাবি, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এসি কামরার টিকিট না পাওয়াকে কেন্দ্র করে অভিনেত্রী মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তাঁকে পরিবারের সদস্য অথবা আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হলেও তিনি তাতে রাজি হননি বলে পুলিশের দাবি।
এফআইআর দায়ের হওয়ার পর অন্তরা কিছুটা শান্ত হন বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে জনসুরক্ষা বিপন্ন করা, সরকারি কর্মীকে গুরুতর ভাবে আহত করা, হামলা এবং ইচ্ছাকৃত ভাবে অপমান করার মতো অভিযোগে মামলা করা হয়েছে। তাঁকে নোটিস দেওয়ার পর জামিনে মুক্তি দেওয়া হয়। তবে অভিযোগগুলির সত্যতা যাচাই করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.