টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা Arkaprovo Roy আচমকাই হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। জানা গিয়েছে, বাড়িতে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর চোট পান তিনি। পা পিছলে পড়ে যাওয়ার ফলে ডান পায়ের গোড়ালিতে মারাত্মক আঘাত লাগে এবং পরে চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে হাড় ভেঙে গিয়েছে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর পায়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হয়েছে। বর্তমানে তাঁর পায়ে প্লাস্টার রয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে। যদিও পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। চিকিৎসকরা জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি এবং খুব শিগগিরই হাসপাতাল থেকে ছাড়াও পেতে পারেন।
হাসপাতাল থেকেই সমাজমাধ্যমে কয়েকটি ছবি ভাগ করে নেন অর্কপ্রভ। সেই ছবিতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগী এবং সহকর্মীদের তরফে দ্রুত আরোগ্য কামনা করে অসংখ্য বার্তা আসে।
বর্তমানে ধারাবাহিক ‘কম্পাস’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন অর্কপ্রভ। এর আগে ‘তোমাদের রানী’ ধারাবাহিকেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। ছোটপর্দায় নিজের জায়গা তৈরি করলেও কিছুদিন আগে তিনি ইন্ডাস্ট্রি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন।
অভিনেতার অভিযোগ ছিল, বাংলা ধারাবাহিকের এপিসোড বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বেআইনিভাবে ছড়িয়ে পড়ায় টিআরপি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর মতে, পাইরেসির প্রভাব শুধু চ্যানেল বা প্রযোজকদের উপর নয়, শিল্পের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের জীবিকাতেও পড়ছে। সেই কারণেই ভবিষ্যতে মুম্বইয়ে ফিরে গিয়ে আবারও সহকারী পরিচালক হিসেবে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি।

অর্কপ্রভ রায়ের কর্মজীবনও যথেষ্ট বৈচিত্র্যময়। অভিনয়ে আসার আগে তিনি সহকারী পরিচালক, জুনিয়র আর্টিস্ট এমনকি বিয়েবাড়ির ফটোগ্রাফির কাজও করেছেন। নানা সংগ্রামের মধ্য দিয়ে ধাপে ধাপে টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তাঁর এই দুর্ঘটনার খবরে তাই উদ্বিগ্ন অনুরাগী মহল। এখন সকলেরই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে ফিরুন প্রিয় অভিনেতা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.