Lifestyle: প্রতিদিনের ক্লান্তি কি ‘বার্নআউট’-এর ইঙ্গিত? লক্ষণ, কারণ ও প্রতিকার

বর্তমান ব্যস্ত জীবনে ক্লান্তি যেন নিত্যসঙ্গী। কিন্তু এমন যদি হয়, ঘুম থেকে ওঠার পরও শরীর-মন সতেজ লাগছে না, ছোট ছোট কাজও অসহ্য মনে হচ্ছে, কিংবা কোনও কিছুতেই আগের মতো আগ্রহ খুঁজে পাচ্ছেন না— তবে তা সাধারণ ক্লান্তি নাও হতে পারে। দীর্ঘদিনের মানসিক ও শারীরিক চাপ থেকে তৈরি হতে পারে ‘বার্নআউট’।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে কাজের চাপ, দায়িত্বের বোঝা বা মানসিক অবসাদ মানুষকে এমন অবস্থায় নিয়ে যায়, যেখানে ধীরে ধীরে তার শক্তি, আগ্রহ ও আবেগ নিঃশেষ হতে থাকে। ঠিক যেন জ্বলতে জ্বলতে প্রদীপের সলতে শেষ হয়ে যাওয়া।

কীভাবে বুঝবেন আপনি বার্নআউটে ভুগছেন?

ক্লান্তি

১. মানুষের সঙ্গে মিশতে অনীহা
আগে যিনি অন্যের দুঃখে পাশে দাঁড়াতেন, এখন হয়তো কারও কথাই শুনতে ভালো লাগছে না। পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোও ক্লান্তিকর মনে হচ্ছে।

২. ছোট সিদ্ধান্তও কঠিন লাগছে
কী রান্না করবেন, কোনও মেইলের উত্তর কী দেবেন— এমন সাধারণ সিদ্ধান্ত নিতেও বিরক্তি বা অনীহা তৈরি হচ্ছে। সবকিছু এড়িয়ে যেতে ইচ্ছে করছে।

৩. রাত জেগে ফোন স্ক্রোল করা
পরদিন সকালে উঠতে হবে জেনেও রাত পর্যন্ত মোবাইলে সময় কাটানো বার্নআউটের একটি লক্ষণ হতে পারে। সারাদিন বাধ্য হয়ে কাজ করার পর মানুষ নিজের জন্য কিছু সময় ফিরে পেতে চায়।

৪. সহজেই বিরক্ত হয়ে যাওয়া
হঠাৎ রাগ, দুঃখ বা বিরক্তি বেড়ে যাওয়া, আবার কখনও কোনও আবেগই ঠিকমতো অনুভব না হওয়া— এই পরিবর্তনগুলোও মানসিক অবসাদের ইঙ্গিত দেয়। এমনকি সপ্তাহের শুরু হওয়ার ভাবনাতেই অস্বস্তি তৈরি হতে পারে।

৫. শরীরেও দেখা দেয় প্রভাব
বার্নআউট শুধু মানসিক নয়, শারীরিক সমস্যাও তৈরি করে। মাথা ভার লাগা, ঘাড়ে ব্যথা, হজমের গোলমাল, অনিদ্রা বা সারাক্ষণ ক্লান্ত লাগা এর সাধারণ লক্ষণ।

বার্নআউট থেকে বেরিয়ে আসার উপায়
শুধু এক-দু’দিন বিশ্রাম নিলেই এই সমস্যা পুরোপুরি দূর হয় না। প্রথমে বুঝতে হবে ঠিক কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মানসিক চাপে ফেলছে।

*কাজের ফাঁকে নিজের পছন্দের কাজের জন্য সময় বের করুন
*প্রয়োজন হলে দায়িত্ব ভাগ করে নিন
*অফিসের অতিরিক্ত চাপ থাকলে কাজের পরিবেশ বদলের কথাও ভাবতে পারেন
*পরিবারের সদস্যদের সঙ্গে খোলাখুলি কথা বলুন
*সমস্যা দীর্ঘদিন চললে মনোবিদের পরামর্শ নিন

বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘ সময় বার্নআউট চলতে থাকলে তা ভবিষ্যতে বড় ধরনের মানসিক সমস্যার কারণ হতে পারে। তাই শরীর ও মনের সংকেতকে অবহেলা না করাই ভালো।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক