মাদকাসক্তি থেকে ঘুরে দাঁড়ানো হানি সিং এবার বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব’ প্রচারের মুখ

একসময় নিজের জীবন ও কেরিয়ার প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল মাদক। সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে নতুন করে জীবন শুরু করেছিলেন জনপ্রিয় র‌্যাপার হানি সিং। এবার তাঁর সেই ব্যক্তিগত লড়াই ও ঘুরে দাঁড়ানোর কাহিনিকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি। পাঞ্জাবে মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পীকে।

সম্প্রতি বিজেপি নেতা তরুণ চুঘের সঙ্গে বৈঠকে বসেন হানি সিং। সেখানে পাঞ্জাবে মাদকের ক্রমবর্ধমান সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যের তরুণ সমাজকে নেশার কবল থেকে বের করে আনতে হানির অভিজ্ঞতা বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন বিজেপি নেতৃত্ব।

বৈঠকের পর তরুণ চুঘ জানান, পাঞ্জাব বর্তমানে এক কঠিন সামাজিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। মাদকাসক্তির কারণে অসংখ্য পরিবার ভেঙে পড়ছে এবং যুবসমাজ ভবিষ্যৎ হারাচ্ছে। তাঁর মতে, হানি সিংয়ের জীবনের লড়াই এবং পুনরায় সফলতার শিখরে পৌঁছনো অনেক তরুণকে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা দিতে পারে।

হানি সিংও এই উদ্যোগে সায় দিয়েছেন। তিনি বলেন, পাঞ্জাবকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে মুক্ত করা অত্যন্ত জরুরি। তাঁর বক্তব্য, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, গোটা পরিবার এবং সমাজকে ধ্বংস করে দেয়। তিনি মনে করেন, সময় এসেছে একযোগে এই সমস্যার বিরুদ্ধে লড়াই করার।

অতীতে একাধিক সাক্ষাৎকারে নিজের মাদকাসক্তির অভিজ্ঞতার কথা খোলাখুলি জানিয়েছেন হানি। তিনি স্বীকার করেছিলেন, ক্যারিয়ারের উত্থানের সময় ভুল সঙ্গ এবং অতিরিক্ত চাপ তাঁকে নেশার দিকে ঠেলে দেয়। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে দিনের শুরু এবং শেষ— দু’সময়েই মাদকের প্রয়োজন হত তাঁর।

র‌্যাপারের কথায়, প্রথম দিকে তিনি বুঝতেই পারেননি কীভাবে নেশা তাঁকে গ্রাস করছে। পরে বিষয়টি এমন পর্যায়ে পৌঁছয় যে পরিবার থেকেও নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করেন। এমনকি তাঁর ব্যক্তিগত সম্পর্কও ভেঙে যেতে বসে। তিনি জানিয়েছেন, মাদকাসক্তির প্রভাব তাঁর দাম্পত্য জীবনেও গভীর সংকট তৈরি করেছিল।

হানি সিং এখন তরুণদের উদ্দেশে বারবার সতর্কবার্তা দিচ্ছেন। বিশেষ করে তিনি বলেছেন, কোনও ধরনের মাদকের সঙ্গে পরীক্ষামূলকভাবেও যুক্ত হওয়া বিপজ্জনক। কারণ, খুব দ্রুত তা আসক্তিতে পরিণত হতে পারে।

বিজেপি নেতৃত্বের মতে, হানি সিংয়ের মতো জনপ্রিয় শিল্পী যদি নিজের অতীত ভুল স্বীকার করে নতুন জীবনের বার্তা দিতে পারেন, তাহলে তা পাঞ্জাবের যুবসমাজের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। সেই কারণেই তাঁকে এবার রাজ্যের মাদকবিরোধী সচেতনতা প্রচারের অন্যতম মুখ হিসেবে সামনে আনা হচ্ছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক