বর্ষাকাল মানেই ইলিশের মৌসুম। বাজারে ধীরে ধীরে ইলিশের আনাগোনা বাড়তেই বাঙালির রান্নাঘরে শুরু হয় নানা পরীক্ষানিরীক্ষা। ভাপা, ঝোল বা ভাজার পাশাপাশি যদি একটু অন্যরকম স্বাদ খুঁজে থাকেন, তাহলে বরিশালের ঐতিহ্যবাহী হাতে মাখা ইলিশ ভুনা হতে পারে দারুণ একটি পদ।
এই রান্নার বিশেষত্ব হল, এতে অতিরিক্ত মশলার ব্যবহার নেই। পেঁয়াজ, কাঁচালঙ্কা ও সর্ষের তেলের স্বাদে ইলিশের নিজস্ব ঘ্রাণ ও কোমলতা অটুট থাকে। রান্নাটিও খুব বেশি সময়সাপেক্ষ নয়।
প্রয়োজনীয় উপকরণ

*৪-৫ টুকরো ইলিশ মাছ
*১টি মাঝারি আকারের পেঁয়াজ কুচি
*১টি ছোট পেঁয়াজ বাটা
*৫-৬টি কাঁচালঙ্কা (থেঁতো করা)
*আধ চা-চামচ হলুদ গুঁড়ো
*আধ চা-চামচ লাল লঙ্কার গুঁড়ো
*২-৩ টেবিল চামচ সর্ষের তেল
*স্বাদ অনুযায়ী নুন
রান্নার পদ্ধতি
একটি পাত্রে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, কাঁচালঙ্কা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, নুন ও সর্ষের তেল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণের সঙ্গে ইলিশের টুকরোগুলি আলতো হাতে মাখিয়ে নিন, যাতে মাছ ভেঙে না যায়।
কড়াইয়ে পুরো মিশ্রণটি দিয়ে মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করুন। মাছের দুই দিক হালকা সেঁকে অল্প একটু জল ছিটিয়ে ঢেকে দিন। কম আঁচে পেঁয়াজ নরম হয়ে ভাজা এবং মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। মাঝপথে একবার সাবধানে মাছ উল্টে দিন।
সবশেষে যখন অতিরিক্ত জল শুকিয়ে গিয়ে তেল ছেড়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন। সাধারণত ৭ থেকে ১০ মিনিটের মধ্যেই এই পদ তৈরি হয়ে যায়। গরম ভাতের সঙ্গে এর স্বাদ সবচেয়ে ভালো লাগে।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.