রান্নার তেলের বোতল, সসের শিশি, প্রসাধনীর কৌটো বা বিভিন্ন প্যাকেজিং—ব্যবহার শেষ হওয়ার পরও অনেকেই এগুলো ফেলে দিতে পারেন না। মনে হয়, ভবিষ্যতে কোনও না কোনও কাজে লাগতে পারে। ফলে ধীরে ধীরে ঘরে জমতে থাকে অপ্রয়োজনীয় জিনিসপত্র, যা পরিবারের অন্য সদস্যদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
মনোবিজ্ঞানীরা বলছেন, এমন অভ্যাসকে সরাসরি মানসিক রোগ বলা ঠিক নয়। বরং এর পেছনে কাজ করে মানুষের স্বাভাবিক কিছু মনস্তাত্ত্বিক প্রবণতা।
ক্ষতি এড়ানোর মানসিকতা

অনেক মানুষ কোনও জিনিস হারানোর অনুভূতিকে নতুন কিছু পাওয়ার আনন্দের তুলনায় বেশি গুরুত্ব দেন। তাই ব্যবহার শেষ হলেও সেই জিনিসটি ফেলে দিতে দ্বিধা করেন। ভবিষ্যতে কাজে লাগতে পারে—এই ধারণাই তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে।
অভাবের অভিজ্ঞতার প্রভাব
যাঁরা ছোটবেলায় আর্থিক সংকট বা অভাবের মধ্যে বড় হয়েছেন, তাঁদের মধ্যে অনেক সময় পুরনো জিনিস জমিয়ে রাখার প্রবণতা বেশি দেখা যায়। তারা মনে করেন, ভবিষ্যতের কোনও প্রয়োজনে এগুলো কাজে লাগতে পারে।
সবকিছুর প্রতি অতিরিক্ত মূল্যবোধ
কিছু মানুষ ব্যবহৃত জিনিসের সঙ্গেও আবেগের সম্পর্ক তৈরি করেন। ফলে অপ্রয়োজনীয় হলেও সেগুলো সংরক্ষণ করেন। সময়ের সঙ্গে সেই জিনিসগুলো ঘরে অগোছালো পরিবেশ তৈরি করতে পারে।
পুনর্ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়িত হয় না
সামাজিক মাধ্যমে নানা ‘ডু ইট ইয়োরসেলফ’ বা পুনর্ব্যবহারের ভিডিও দেখে অনেকে পুরনো বোতল-কৌটো রেখে দেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই পরিকল্পনা বাস্তবে রূপ পায় না, আর অপ্রয়োজনীয় জিনিসের স্তূপ বাড়তেই থাকে।
নিরাপত্তাহীনতা ও ভবিষ্যতের চিন্তা
কেউ কেউ অনিশ্চয়তা বা নিরাপত্তাহীনতার কারণে পুরনো চার্জার, শপিং ব্যাগ, গ্যাজেটের বাক্স কিংবা খালি কৌটো ফেলে দিতে চান না। এগুলো ভবিষ্যতে কাজে লাগতে পারে—এমন বিশ্বাস থেকেই সেগুলো জমিয়ে রাখেন।
কখন সতর্ক হওয়া প্রয়োজন?
যদি অপ্রয়োজনীয় জিনিস এতটাই জমে যায় যে দৈনন্দিন জীবন ব্যাহত হয়, ঘর ব্যবহার করা কঠিন হয়ে পড়ে বা এগুলো ফেলে দেওয়ার কথা উঠলেই তীব্র মানসিক অস্বস্তি তৈরি হয়, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ অতিরিক্ত জিনিসপত্র জমে থাকলে পরিচ্ছন্নতা ও শারীরিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
পরিমিত পুনর্ব্যবহার পরিবেশবান্ধব অভ্যাস হলেও, বাস্তবে কাজে না লাগা জিনিস বছরের পর বছর জমিয়ে রাখার বদলে প্রয়োজন অনুযায়ী বাছাই করে সরিয়ে ফেলা ঘর ও মানসিক স্বস্তি—দুইয়ের জন্যই উপকারী।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.