টেলিভিশনের পর্দায় খুব শিগগিরই ফিরতে চলেছেন অভিনেত্রী সুস্মিতা দে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘ব্লুজ়’ প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকের নায়িকা হিসেবে দেখা যেতে পারে তাঁকে। যদিও প্রযোজনা সংস্থা বা অভিনেত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও টেলিপাড়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।
এর আগে শোনা গিয়েছিল, দুটি আলাদা প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকের জন্য ‘লুকসেট’ করেছিলেন সুস্মিতা। তবে সাম্প্রতিক সূত্রের দাবি, তিনি শেষ পর্যন্ত ‘ব্লুজ়’-এর নতুন প্রজেক্টেই যুক্ত হয়েছেন। এমনকি ধারাবাহিকের প্রথম প্রোমোর শুটিংও নাকি সম্পন্ন হয়েছে।
সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে সুস্মিতার বিপরীতে কোন নায়ককে দেখা যাবে, তা নিয়ে। জানা যাচ্ছে, তাঁর সঙ্গে জুটি বাঁধছেন একেবারে নতুন মুখ সৌম্য। ছোটপর্দার দর্শকরা তাঁকে আগে কোনও ধারাবাহিকে দেখেননি বলেই দাবি ইন্ডাস্ট্রির একাংশের। সুস্মিতা ও সৌম্যকে নিয়েই নাকি ইতিমধ্যেই প্রোমোর শুটিং হয়েছে। খুব শিগগিরই প্রকাশ্যে আসতে পারে ধারাবাহিকের প্রথম ঝলক।
নতুন এই ধারাবাহিকের গল্প নিয়েও রয়েছে বিশেষ আগ্রহ। শোনা যাচ্ছে, এটি প্রচলিত পারিবারিক কাহিনির গণ্ডিতে আবদ্ধ থাকবে না। বরং নারী-কেন্দ্রিক একটি ভিন্নধর্মী গল্পকে নতুনভাবে তুলে ধরা হবে। এই ধারাবাহিকে সুস্মিতা ও সৌম্য ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে মৌসুমী সাহা, মৈত্রেয়ী মিত্র-সহ আরও কয়েকজন পরিচিত শিল্পীকে।
উল্লেখ্য, এর আগে অভিনেতা আদৃত রায়ের সঙ্গে একটি নতুন ধারাবাহিকে সুস্মিতার জুটি বাঁধার জোর জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু পরে সেই প্রজেক্টে নতুন মুখ অনুষ্কার নাম সামনে আসে। এরপর থেকেই প্রশ্ন ওঠে, কেন সরে দাঁড়ালেন সুস্মিতা? টেলিপাড়ার গুঞ্জন ছিল, গল্প ও চরিত্রের উপস্থাপনা নিয়ে নির্মাতাদের সঙ্গে কিছু মতপার্থক্যের কারণেই তিনি সেই ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নেন।
তবে সে সময় সুস্মিতা জানিয়েছিলেন, তিনি কিছুটা সময় নিয়ে নিজের পরবর্তী কাজ বেছে নিতে চান এবং তাড়াহুড়ো করে নতুন ধারাবাহিক শুরু করার পক্ষে নন। এরই মধ্যে তিনি একটি ওয়েব সিরিজ়েও অভিনয় করেছেন। ‘কুহেলি’ সিরিজ়ে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এবার ছোটপর্দায় তাঁর প্রত্যাবর্তন কতটা সাড়া ফেলে, সেদিকেই নজর টেলিভিশনপ্রেমীদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.