তারাতলার দুর্ঘটনার পর রাজ্যে নির্মাণ নিরাপত্তা নিয়ে আরও কঠোর অবস্থান নিল সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, বাড়ির অনুমোদিত নকশা বা প্ল্যান সংক্রান্ত কোনও ধরনের দুর্নীতির অভিযোগ সামনে এলে সাধারণ মানুষ যেন সরাসরি এফআইআর দায়ের করেন। অভিযোগ প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, তারাতলার ঘটনার পর উদ্ধারকাজ এখনও চলছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে এবং অন্যান্য সংস্থাগুলি সহযোগিতা করছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত উদ্ধারকাজ শেষ করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
নির্মাণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একাধিক পুর এলাকায় বিশেষ অডিটের সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ দমদম, বরানগর এবং কামারহাটি পুরসভাকেও এই অডিটের আওতায় আনা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, দীর্ঘদিন ধরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।
তিনি জানান, নির্মাণ সংক্রান্ত অডিট তিনটি ধাপে সম্পন্ন হবে। কোনও ক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে, কোথাও ত্রুটি সংশোধনের সুযোগ মিলবে, আবার গুরুতর অনিয়ম ধরা পড়লে নির্মাণ বাতিলও হতে পারে। নির্দিষ্ট কিছু এলাকায় বাণিজ্যিক ভবনের অডিট আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। অন্যদিকে নির্মীয়মাণ বহুতলগুলির জন্য আলাদা অডিট টিম গঠন করা হয়েছে। অডিটে ছাড়পত্র পাওয়ার পরেই নতুন করে নির্মাণকাজ শুরু করার অনুমতি দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে সব বহুতল ভবনের ফায়ার অডিট সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। কোনও ভবনের নকশায় ত্রুটি ধরা পড়লে তা সংশোধন করতে হবে। তবে অনিয়মের মাত্রা বেশি হলে সম্পূর্ণ প্রকল্প বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তিনি অভিযোগ করেন, অতীতে নির্মাণ সংক্রান্ত পর্যাপ্ত নজরদারির অভাব ছিল। যারা নিয়ম ভেঙে কাজ করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হবে। কোনও পুরসভার কর্মী দুর্নীতির সঙ্গে জড়িত থাকলেও তাঁকে রেয়াত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
এছাড়া পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা পরিকাঠামো উন্নয়নে গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে দীর্ঘদিন অবহেলা করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে বিপর্যয় মোকাবিলার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.