বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেড়ে যায়। এই স্যাঁতসেঁতে পরিবেশ ব্যাক্টেরিয়া ও ছত্রাকের বৃদ্ধির জন্য অনুকূল হওয়ায় ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত বা অতিরিক্ত ঘাম হয়, তাঁদের ক্ষেত্রে দাদ, চুলকানি, লালচে র্যাশ, ছোট ছোট ফুসকুড়ি কিংবা ব্রণের মতো সমস্যা বেশি দেখা যায়।
বিশেষজ্ঞদের মতে, ম্যালাসেজিয়া ফলিকিউলিটিস নামে পরিচিত এক ধরনের ছত্রাক লোমকূপের মধ্যে বাস করে এবং ত্বকের প্রাকৃতিক তেল বা সিবাম থেকে পুষ্টি গ্রহণ করে। বর্ষার গরম ও আর্দ্র আবহাওয়ায় এই ছত্রাক দ্রুত বৃদ্ধি পেলে লোমকূপে প্রদাহ সৃষ্টি হয়। ফলে ব্রণ, র্যাশ, চুলকানি এমনকি কিছু ক্ষেত্রে এগজিমার মতো সমস্যাও দেখা দিতে পারে।
নিম ও কাঁচা হলুদের প্যাক

নিম ও কাঁচা হলুদ—দুই উপাদানই ত্বকের পরিচর্যায় বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। এগুলিতে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে বলে মনে করা হয়। একমুঠো নিমপাতা এবং এক টুকরো কাঁচা হলুদ একসঙ্গে বেটে পেস্ট তৈরি করুন। আক্রান্ত স্থানে ১৫ মিনিট লাগিয়ে রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। বর্ষাকালে সপ্তাহে এক থেকে দু’বার এই প্যাক ব্যবহার করলে ত্বক সতেজ রাখতে সাহায্য মিলতে পারে।
পুদিনা পাতার টোনার
বর্ষায় ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে গেলে বা ছোটখাটো র্যাশ দেখা দিলে ঘরে তৈরি পুদিনার টোনার ব্যবহার করা যেতে পারে। পুদিনা পাতা ভালোভাবে ধুয়ে ১৫-২০ মিনিট জলে ফুটিয়ে নিন। এরপর জল ছেঁকে ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। বাইরে থেকে ফিরে বা মুখে অতিরিক্ত তেল জমলে এই টোনার স্প্রে করে ব্যবহার করলে ত্বকে সতেজ অনুভূতি আসে।
টি ট্রি অয়েল ও মুলতানি মাটির প্যাক
যাঁদের ত্বকে বারবার ব্রণ বা ছোট ফুসকুড়ির সমস্যা দেখা দেয়, তাঁরা সপ্তাহে দুই থেকে তিন দিন মুলতানি মাটি, গোলাপ জল এবং কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে একটি প্যাক ব্যবহার করতে পারেন। প্যাকটি ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তবে টি ট্রি অয়েল সরাসরি ত্বকে ব্যবহার না করে নারকেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে লাগানোই নিরাপদ।
বর্ষায় ত্বক ভালো রাখতে আরও কিছু অভ্যাস
*ত্বক সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন।
*ঘাম হলে দ্রুত মুছে ফেলুন এবং ভেজা পোশাক দীর্ঘক্ষণ পরে থাকবেন না।
*ব্যক্তিগত তোয়ালে, জামাকাপড় বা প্রসাধনী অন্যের সঙ্গে ভাগ করে ব্যবহার করবেন না।
*ত্বকে চুলকানি বা সংক্রমণ দীর্ঘদিন থাকলে নিজে থেকে ওষুধ ব্যবহার না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বর্ষার সময়ে সামান্য সচেতনতা ও নিয়মিত ত্বকের যত্ন নিলে ছত্রাকজনিত সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি কোনও সমস্যা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.