বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-তে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানের মুখ হিসেবে পরিচিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার তাঁর জায়গায় সঞ্চালকের দায়িত্ব সামলাতে দেখা যাবে অভিনেতা ও সাংসদ দেবকে। নতুন মরসুমের প্রথম দিনের শুটিং ঘিরে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ছিল উৎসবের আবহ।
অনুষ্ঠানের সূচনায় সম্পূর্ণ কালো পোশাকে হাজির হন দেব। লাল গালিচায় অতিথিদের স্বাগত জানানোর পাশাপাশি নতুন ভূমিকায় আত্মবিশ্বাসীভাবেই ধরা দেন তিনি।
নতুন দায়িত্ব গ্রহণের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল কি না, সেই প্রশ্নের উত্তরে দেব জানান, সৌরভের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে এবং তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন। একই সঙ্গে দেব স্পষ্ট করেন, তিনি সৌরভের বিকল্প হিসেবে আসেননি। তাঁর কথায়, সৌরভ নতুন কিছু করতে চেয়েছিলেন, শো-এর নির্মাতারাও নতুনত্ব আনতে আগ্রহী ছিলেন, আর তিনিও এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে চেয়েছেন। দর্শকদের প্রত্যাশা পূরণে তিনি নিজের সেরাটা দেওয়ার আশ্বাস দেন।
প্রথম দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভিন্টেজ গাড়িতে তাঁর আগমন অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ তৈরি করে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি হর্ষ নেওটিয়া, গায়ক শান এবং ভারতীয় ফুটবলের অন্যতম পরিচিত মুখ সুনীল ছেত্রীসহ একাধিক বিশিষ্ট অতিথি।
এই মরসুমের শুটিংয়ের দায়িত্বে রয়েছেন পরিচালক অভিজিৎ সেন। সকাল থেকেই তিনি প্রতিটি খুঁটিনাটি বিষয় তদারকি করেন, যাতে দেবের প্রথম সঞ্চালনা পর্ব নিখুঁতভাবে সম্পন্ন হয়। বড়পর্দায় অভিজিৎ সেনের পরিচালনায় কাজ করলেও, কোনও রিয়্যালিটি শো-তে তাঁর পরিচালনায় এই প্রথম সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে দেবকে।
শুধু অনুষ্ঠান নয়, নতুন ‘দাদা’-কে এক ঝলক দেখার জন্যও বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান অনুরাগীরা। কলকাতার সিঁথি, এন্টালি, খিদিরপুর-সহ নানা এলাকা থেকে নানা বয়সের দর্শক উপস্থিত হন শুটিং ফ্লোরে। মঞ্চে দেব ও প্রসেনজিৎকে একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। করতালির মধ্যেই মশাল প্রজ্বলনের মাধ্যমে নতুন মরসুমের প্রথম পর্বের শুটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
নতুন সঞ্চালক, নতুন উপস্থাপনা এবং নতুন আঙ্গিক—সব মিলিয়ে ‘দাদাগিরি’-র এই মরসুম ঘিরে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে। দেব তাঁর নতুন ইনিংসে কতটা সফল হন, সেটাই এখন দেখার অপেক্ষা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.