হাঁটুর ব্যথা এখন আর শুধু প্রবীণদের সমস্যা নয়। জীবনযাত্রার পরিবর্তন, আঘাত, অতিরিক্ত ওজন কিংবা অস্টিয়োআর্থ্রাইটিসের মতো রোগের কারণে কম বয়সীদের মধ্যেও হাঁটুর সমস্যা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে বিজ্ঞানীদের একটি নতুন গবেষণা চিকিৎসাবিজ্ঞানে আশার আলো দেখাচ্ছে। গবেষকদের দাবি, বিশেষ ধরনের একটি ইনজেকশন ভবিষ্যতে হাঁটুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে এবং অস্টিয়োআর্থ্রাইটিসজনিত সমস্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আমেরিকার কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি এই পরীক্ষামূলক চিকিৎসা এখনও গবেষণার পর্যায়েই রয়েছে। গবেষণায় দেখা গেছে, ইঁদুরের ওপর পরীক্ষায় ইতিবাচক ফল মিলেছে এবং বর্তমানে মানুষের ওপরও এর মূল্যায়ন চলছে। প্রাথমিক পর্যায়ের ফলাফলে দেখা যাচ্ছে, একটি ইনজেকশনের পর কয়েক সপ্তাহের মধ্যেই ক্ষতিগ্রস্ত হাড় ও কার্টিলেজের পুনর্গঠনের লক্ষণ মিলেছে এবং ব্যথাও উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এই চিকিৎসা এখনও নিয়মিত ব্যবহারের জন্য অনুমোদিত হয়নি।
হাঁটুর বাত কেন হয়?

হাঁটুর জয়েন্টে তিনটি হাড় এবং একাধিক কার্টিলেজ একসঙ্গে কাজ করে শরীরের ওজন বহন করে। বয়স, আঘাত, সংক্রমণ, জন্মগত গঠনগত সমস্যা বা দীর্ঘদিনের ক্ষয়ের কারণে কার্টিলেজ নষ্ট হতে শুরু করলে অস্টিয়োআর্থ্রাইটিস দেখা দেয়। এর ফলে হাঁটুতে ব্যথা, শক্ত হয়ে যাওয়া, হাঁটতে বা সিঁড়ি ভাঙতে অসুবিধা এবং অনেক ক্ষেত্রে হাঁটু বেঁকে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।
নতুন ইনজেকশন কীভাবে কাজ করতে পারে?
গবেষকদের দাবি, এই ইনজেকশন শরীরের স্বাভাবিক কোষ পুনর্গঠনের প্রক্রিয়াকে সক্রিয় করতে সাহায্য করে। ফলে ক্ষতিগ্রস্ত হাড় ও কার্টিলেজ ধীরে ধীরে নিজে থেকেই মেরামতের সুযোগ পায়। যদি ভবিষ্যতের গবেষণাতেও একই ধরনের ফল পাওয়া যায়, তবে অনেক রোগীকেই অস্ত্রোপচার বা হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন নাও হতে পারে।
কারা উপকৃত হতে পারেন?
বিশেষজ্ঞদের মতে, মাঝারি থেকে গুরুতর অস্টিয়োআর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তি, দুর্ঘটনায় হাঁটু বা লিগামেন্টে আঘাত পাওয়া রোগী এবং তুলনামূলক কম বয়সে হাঁটুর ক্ষয়ের সমস্যায় ভুগলেও যাঁরা অস্ত্রোপচার এড়াতে চান, ভবিষ্যতে তাঁদের জন্য এই চিকিৎসা কার্যকর হতে পারে।
এখনও কেন সতর্ক থাকা জরুরি?
যদিও গবেষণার প্রাথমিক ফল আশাব্যঞ্জক, তবু এই চিকিৎসা এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নিরাপত্তা, কার্যকারিতা এবং দীর্ঘমেয়াদি ফল নিশ্চিত করতে আরও বিস্তৃত ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন। তাই বর্তমানে হাঁটুর ব্যথা বা অস্টিয়োআর্থ্রাইটিসে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রচলিত চিকিৎসাই অনুসরণ করা উচিত। ভবিষ্যতে গবেষণা সফল হলে এই নতুন ইনজেকশন হাঁটুর বাতের চিকিৎসায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.