অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় সম্প্রতি মা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। প্রথম ঘোষণার সময় তিনি সদ্যোজাত সন্তানের ছোট্ট হাতের ছবি প্রকাশ করলেও ছেলে না মেয়ে হয়েছে, তা জানানো হয়নি। তবে এবার একটি সাদা-কালো মাতৃত্বকালীন (বেবিবাম্প) ছবি প্রকাশ করে তিনি জানিয়ে দিলেন, তাঁদের পরিবারে এসেছে পুত্র সন্তান। একইসঙ্গে প্রকাশ্যে আনলেন ছেলের নামও—‘সিডো’ (Sido)।
ছবিতে সুস্মিতার সঙ্গে দেখা যায় তাঁর স্বামী শুভাশিষ দে-কে। ছবির উপরেই লেখা ছিল ‘Sido’, যা থেকেই স্পষ্ট হয় নবজাতকের নাম। পোস্টের ক্যাপশনে আবেগঘন বার্তা লিখে সুস্মিতা জানান, সাত বছরের দীর্ঘ অপেক্ষা, অগণিত কান্না এবং কঠিন লড়াইয়ের পর তাঁদের জীবনে এসেছে এই আনন্দের মুহূর্ত। তিনি লেখেন, তাঁদের ছোট্ট পুত্রসন্তান পৃথিবীকে সম্পূর্ণ করে দিয়েছে। পাশাপাশি সকলের কাছে ছেলের জন্য আশীর্বাদও কামনা করেন, যাতে সে সুস্থ ও ভালো মানুষ হয়ে বড় হয়ে উঠতে পারে।
সুস্মিতার ব্যক্তিগত জীবনও দীর্ঘদিন ধরেই আলোচনায়। বর্তমান স্বামী শুভাশিষ দে-র আগে তাঁর একাধিক সম্পর্ক ও বিবাহ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। এর আগে সাংবাদিক সব্যসাচীর সঙ্গে সংসার করার সময়ও তিনি সন্তানসম্ভবা হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সন্তান গর্ভেই মারা যায়। পরে সুস্মিতা অভিযোগ করেছিলেন, প্রাক্তন শ্বশুরবাড়ির কিছু ঘটনার জেরেই ওই দুর্ঘটনা ঘটে। যদিও সেই ঘটনার পরও কিছু সময় তিনি প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং তাঁদের সঙ্গে বিভিন্ন ভ্লগেও অংশ নিয়েছিলেন। পরে সম্পর্কের অবনতি হলে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে তিক্ততা এবং পাল্টা অভিযোগের পর বিচ্ছেদ ঘটে।
পরবর্তীতে নিজের ব্যবসায়িক অংশীদার শুভাশিষ দে-কে বিয়ে করেন সুস্মিতা। সেই সময় থেকেই অনেকের ধারণা ছিল, তিনি অন্তঃসত্ত্বা। যদিও সে বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি। তবে বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই সন্তানের জন্ম দেওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়েছে।
এদিকে, ছেলের নাম ‘সিডো’ নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। নামটির উৎস আরবি ভাষা। ‘Sayyid’ (সাইয়িদ) শব্দের অর্থ ‘নেতা’ বা ‘শাসক’। ‘Sido’ সেই শব্দেরই একটি সংক্ষিপ্ত বা আদরের রূপ, যার অর্থ ‘প্রভু’ বা ‘মালিক’। অন্যদিকে ইউরোপের বিভিন্ন দেশেও ‘Sido’ নামের ব্যবহার রয়েছে, যেখানে এর অর্থ ‘বিজয়’ বলেও ধরা হয়। এছাড়া জার্মান র্যাপার পল হার্টমুট ওয়ার্ডিগ তাঁর মঞ্চনাম ‘Sido’-এর মাধ্যমেই আন্তর্জাতিকভাবে পরিচিত।
মা হওয়ার আনন্দ, অতীতের কঠিন স্মৃতি এবং নতুন জীবনের সূচনাকে একসঙ্গে তুলে ধরে সুস্মিতার এই পোস্ট ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শুভেচ্ছা ও আশীর্বাদে ভরে উঠেছে তাঁর সোশ্যাল মিডিয়ার মন্তব্যের ঘর।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.