বলিউডে নতুন চমক নিয়ে হাজির হতে চলেছেন অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা। দীর্ঘদিন ধরেই নিজের স্পষ্টভাষী স্বভাব এবং বিভিন্ন মন্তব্যের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন তিনি। টেলিভিশন ও ইউটিউব অনুষ্ঠানে উপস্থিতির পর এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন সুনিতা। বিশেষ তাৎপর্যের বিষয় হল, তাঁর এই অভিনয়-যাত্রা শুরু হচ্ছে ছেলে যশবর্ধনের সঙ্গে।
সম্প্রতি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুনিতা নিজেই জানিয়েছেন, তিনি প্রযোজক একতা কাপুরের নতুন ছবিতে অভিনয় করছেন। ছবিটিতে মুখ্য ভূমিকায় থাকছেন তাঁর ছেলে যশবর্ধন, আর সেখানে যশের মায়ের চরিত্রেই দেখা যাবে সুনিতাকে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরেই ছবিটি মুক্তি পেতে পারে।
সাক্ষাৎকারে সুনিতা বলেন, “আমি যশের সঙ্গে একটি ছবি করছি। সেপ্টেম্বর মাসে ছবিটি মুক্তি পাবে। আমি একতা কাপুরকে খুব ভালোবাসি। ওঁর জন্যই আমি নেটফ্লিক্সের শো করেছি এবং ওঁর প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে। উনিও আমাকে খুব ভালোবাসেন। যশের ছবিতে আমি ওর মায়ের চরিত্রে অভিনয় করছি। সম্ভবত ইন্ডাস্ট্রিতে এই প্রথম কোনও মা ও ছেলে একসঙ্গে নিজেদের যাত্রা শুরু করছেন।”
একতা কাপুরের সঙ্গে সুনিতার সম্পর্ক বরাবরই ভালো। এর আগেও একতার বিভিন্ন প্রজেক্টে তাঁকে দেখা গিয়েছে। এবার সেই সম্পর্কের সূত্র ধরেই বড় পর্দায় পা রাখতে চলেছেন তিনি। যদিও ছবিটির নাম, গল্প কিংবা অন্যান্য কলাকুশলীদের বিষয়ে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এদিকে, গোবিন্দা ও সুনিতার মেয়ে টিনা আহুজা আগেই বলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করেছিলেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ ছবির মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন তিনি। তবে সেই ছবি বক্স অফিসে বিশেষ সাফল্য পায়নি। ফলে টিনার অভিনয়-জীবন খুব বেশি দূর এগোয়নি।
অন্যদিকে, যশবর্ধনের বলিউড অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। বিভিন্ন সূত্রের দাবি, তিনি দক্ষিণী চলচ্চিত্র জগতের একাধিক নির্মাতার সঙ্গে কাজ করছেন এবং কিছু প্রজেক্টের শুটিংও সম্পন্ন করেছেন। তবে সেইসব ছবি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে গোবিন্দা ও সুনিতা আহুজার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা আলোচনা চলছে। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, তাঁদের দাম্পত্য সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে। এমনকি গোবিন্দার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তুলেছিলেন সুনিতা। সেই জল্পনা আরও বাড়িয়ে দেয় তাঁদের বিচ্ছেদের খবর। যদিও পরে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়, ফলে বিচ্ছেদের গুঞ্জন অনেকটাই স্তিমিত হয়।
সম্প্রতি গোবিন্দাকে স্ত্রী সুনিতার সঙ্গে একতা কাপুরের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লক আপ ২’-এর সেটেও দেখা গিয়েছে। এবার একতা কাপুরের প্রযোজনাতেই ছেলে যশবর্ধনের সঙ্গে সুনিতার বড় পর্দায় অভিষেক নতুন করে কৌতূহল তৈরি করেছে বলিউড মহলে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.