বলিউড অভিনেতা আমির খানের একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ‘থ্রি ইডিয়ট্স’ ছবির নির্মাণপর্বে তিনি শিক্ষাবিদ ও সমাজসেবী সোনম ওয়াংচুককে চিনতেন না বলে দাবি করার পরেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সোনমের একটি পুরনো ভিডিয়ো।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় সোনম ওয়াংচুককে বলতে শোনা যায়, ২০০৮ সালে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তাঁর সঙ্গে আমির খানের প্রথম দেখা হয়েছিল। সেসময় তিনি সিয়াচেন সংঘাতকে কেন্দ্র করে একটি সিনেমা তৈরির প্রস্তাবও দিয়েছিলেন অভিনেতাকে।
সোনমের কথায়, তিনি আমিরকে বলেছিলেন যে সিয়াচেনের একটি বরফাচ্ছন্ন অঞ্চল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এই সংঘাতের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। সেই অর্থ শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা গেলে কীভাবে সমাজের উপকার হতে পারে, তা নিয়ে একটি সিনেমা তৈরি করা সম্ভব কি না, সেই প্রস্তাব তিনি দিয়েছিলেন। সোনমের দাবি, আমির তাঁর ভাবনা মন দিয়ে শুনেছিলেন এবং এ বিষয়ে একটি প্রেজেন্টেশনও দেখেছিলেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় ২০০৮ সালের সেই অনুষ্ঠানের কিছু দৃশ্যও দেখা যায়। সেখানে সোনমকে পুরস্কার গ্রহণ করতে দেখা গিয়েছে, আর দর্শকাসনে বসে তাঁকে হাততালি দিতে দেখা যায় আমির খানকে।
পরে উচ্চশিক্ষার জন্য ইউরোপে চলে যান সোনম ওয়াংচুক। তাঁর দাবি, ২০০৯ সালের ডিসেম্বরে ‘থ্রি ইডিয়ট্স’ মুক্তির পর বন্ধুদের কাছ থেকে একের পর এক ফোন ও বার্তা পান তিনি। অনেকেই তাঁকে জানান, ছবির গল্প এবং লাদাখে তাঁর প্রতিষ্ঠিত স্কুলের সঙ্গে সিনেমাটির বেশ কিছু মিল রয়েছে।
সোনম জানিয়েছেন, বিষয়টি শুনে তিনি নিজের স্কুলের সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি জানতে পারেন, ছবির শুটিংয়ের জন্য একটি ইউনিট সেখানে গিয়েছিল। তবে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, ইউনিটটি প্রচুর প্লাস্টিক সামগ্রী নিয়ে এসেছিল এবং নিজেদের কাজ সম্পর্কে বিশেষ কিছু জানায়নি। পরে কাছাকাছি অন্য একটি স্কুলে গিয়ে শুটিং করা হয় বলে দাবি করেন তিনি।
এই পুরনো ভিডিয়ো প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে আমির খানের সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। একাংশের বক্তব্য, ২০০৮ সালেই যখন আমিরের সঙ্গে সোনমের সাক্ষাৎ হয়েছিল এবং পরবর্তী সময়ে তাঁর স্কুলে শুটিংয়ের জন্য ইউনিট গিয়েছিল, তখন অভিনেতার “সোনমকে চিনতেন না” দাবি নিয়ে সন্দেহ থেকেই যায়।
Gourab-Ridhima: ছেলে ধীরকে নিয়ে রথযাত্রায় মেতে উঠলেন অভিনেত্রী ঋদ্ধিমা ও অভিনেতা গৌরব
তবে আমিরের সমর্থনেও সরব হয়েছেন বহু অনুরাগী। তাঁদের মতে, একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে তাঁর দেখা হয়। ফলে এত বছর পরে প্রত্যেকের কথা মনে না-থাকা অস্বাভাবিক নয়।
উল্লেখ্য, সম্প্রতি আমির খান জানিয়েছেন যে, ‘থ্রি ইডিয়ট্স’-এর চিত্রনাট্য তৈরির সময় তিনি বা ছবির নির্মাতারা কেউই সোনম ওয়াংচুক সম্পর্কে জানতেন না। যদিও একইসঙ্গে তিনি সোনমের কাজের প্রশংসা করেছেন এবং তাঁর বর্তমান আন্দোলনের প্রতিও সমর্থন জানিয়েছেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.