বাঙালির রান্নাঘরে কাঁচা লঙ্কার গুরুত্ব আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ডাল, তরকারি, মাছের ঝোল কিংবা সালাদ—প্রায় সব খাবারেই কাঁচা লঙ্কার ব্যবহার রয়েছে। তাই বাজার থেকে বারবার লঙ্কা কেনার বদলে যদি নিজের বারান্দা বা ছাদের টব থেকেই টাটকা লঙ্কা তুলে নেওয়া যায়, তাহলে তার আনন্দই আলাদা। সঠিক পদ্ধতিতে যত্ন নিলে খুব সহজেই টবে লঙ্কার গাছ লাগানো সম্ভব এবং মাত্র ৩০–৪০ দিনের মধ্যেই গাছে ফুল আসতে শুরু করে।
লঙ্কা গাছের জন্য সঠিক মাটি তৈরি করুন
লঙ্কা গাছ ঝুরঝুরে ও উর্বর মাটিতে সবচেয়ে ভালো বৃদ্ধি পায়। টবের জন্য বাগানের মাটির সঙ্গে সমপরিমাণ কম্পোস্ট বা গোবর সার এবং সামান্য বালি মিশিয়ে নিন। এতে মাটির জল নিষ্কাশন ভালো হবে এবং শিকড়ও সুস্থ থাকবে।
উপযুক্ত টব বেছে নিন
মাঝারি আকারের মাটির বা প্লাস্টিকের টব ব্যবহার করতে পারেন। তবে টবের নিচে অবশ্যই জল বের হওয়ার ছিদ্র থাকতে হবে। এতে অতিরিক্ত জল জমে শিকড় পচে যাওয়ার আশঙ্কা কমে।
ভালো মানের বীজ বা চারা ব্যবহার করুন
বিশ্বস্ত নার্সারি থেকে লঙ্কার চারা কিনতে পারেন। চাইলে শুকনো কাঁচা লঙ্কা থেকে বীজ সংগ্রহ করেও চারা তৈরি করা যায়। বীজ খুব গভীরে নয়, হালকা মাটির নিচে বপন করাই ভালো।
সঠিকভাবে জল দিন
মাটি সবসময় হালকা আর্দ্র রাখুন, তবে অতিরিক্ত জল দেওয়া থেকে বিরত থাকুন। গরমের দিনে প্রয়োজন অনুযায়ী সকালে বা বিকেলে জল দিন। শীতকালে মাটি শুকিয়ে গেলে তবেই জল দেওয়া উচিত।
পর্যাপ্ত রোদ নিশ্চিত করুন
লঙ্কা গাছের সুস্থ বৃদ্ধির জন্য প্রতিদিন অন্তত ৫–৬ ঘণ্টা সরাসরি সূর্যালোক প্রয়োজন। তবে প্রচণ্ড গরমে দুপুরের তীব্র রোদ থেকে গাছকে কিছুটা আড়াল করলে ভালো থাকে।
নিয়মিত জৈব সার দিন
প্রতি ১৫–২০ দিন অন্তর কম্পোস্ট, গোবর সার বা ভার্মি কম্পোস্ট প্রয়োগ করলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ফলনও ভালো হয়। শীতকালে সরষের খোলের সার ব্যবহার করলেও গাছ প্রয়োজনীয় পুষ্টি পায়।
পোকামাকড় ও রোগের হাত থেকে গাছকে বাঁচান
বর্ষাকালে লঙ্কা গাছে ছত্রাক ও বিভিন্ন পোকার আক্রমণ দেখা দিতে পারে। নিম তেলের দ্রবণ স্প্রে করলে অনেকটাই সুরক্ষা পাওয়া যায়। পাতায় সাদা গুঁড়োর মতো দাগ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে রোগ ছড়িয়ে না পড়ে।
কত দিনে লঙ্কা পাওয়া যায়?
সঠিক পরিচর্যা করলে সাধারণত ৩০–৪০ দিনের মধ্যেই লঙ্কা গাছে ফুল আসতে শুরু করে। এরপর ধীরে ধীরে সেই ফুল থেকেই লঙ্কা তৈরি হয়। একটি সুস্থ গাছ প্রায় ৩–৪ মাস পর্যন্ত নিয়মিত ফল দিতে পারে।
মনে রাখবেন
*একটি টবে একটির বেশি লঙ্কা গাছ লাগাবেন না।
*বীজ খুব গভীরে পুঁতবেন না।
*অতিরিক্ত জল দেওয়া এড়িয়ে চলুন।
*নিয়মিত রোদ ও জৈব সার দিলে ফলন অনেক ভালো হবে।
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বকে চুলকানি ও জ্বালা? ঘরোয়া এই ৪ প্যাকেই মিলতে পারে আরাম
অল্প জায়গা থাকলেও সামান্য যত্নে বারান্দা বা ছাদের টবেই সহজে লঙ্কা চাষ করা সম্ভব। এতে যেমন সবসময় টাটকা কাঁচা লঙ্কা হাতের কাছে থাকবে, তেমনই সবুজ গাছে ভরে উঠবে আপনার ছোট্ট বাগান।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.