Salman Khan: অভিনেতা সলমন খানের সঙ্গে যুক্ত সমাজসেবামূলক ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’-কে ঘিরে প্রতারণার অভিযোগে আইনি জটিলতা তৈরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে চণ্ডীগড়ের একটি আদালত সলমন খান(Salman Khan), তাঁর বোন আলভিরা খান অগ্নিহোত্রী এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সমন জারি করেছে। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ অক্টোবর। চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্তার অভিযোগ, ‘বিয়িং হিউম্যান’-এর জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড তাঁকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে একটি গয়নার শোরুম খুলতে উৎসাহিত করে। সেই অনুযায়ী তিনি প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করেন, যার মধ্যে শোরুম তৈরিতেই প্রায় ১ কোটি টাকা ব্যয় হয়।
অভিযোগ অনুযায়ী, তিনি চুক্তির শর্ত মেনে ব্যবসা পরিচালনা করলেও সংস্থার পক্ষ থেকে প্রতিশ্রুত সহযোগিতা পাননি। ফলে ব্যবসা ক্ষতির মুখে পড়ে এবং ২০২০ সালের ফেব্রুয়ারিতে শোরুমটি বন্ধ করতে বাধ্য হন। এতে তাঁর বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
মামলাকারীর দাবি, ‘বিগ বস’-এর শুটিং চলাকালীন তাঁর সঙ্গে সলমন খান(Salman Khan)-এর সাক্ষাৎ হয়েছিল। সে সময় অভিনেতা শোরুমের উদ্বোধনে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি উদ্বোধনে যাননি বলেও অভিযোগ করেন অরুণ গুপ্তা।
অভিযোগের জবাবে ‘বিয়িং হিউম্যান’-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, অরুণ গুপ্তার সঙ্গে সলমন খানের কোনও প্রত্যক্ষ চুক্তিগত সম্পর্ক ছিল না। সংস্থার বক্তব্য অনুযায়ী, সলমন খান শুধুমাত্র ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-কে ব্র্যান্ডের পণ্য বিক্রির লাইসেন্স প্রদান করেছিলেন।
চণ্ডীগড় আদালত সলমন খান, আলভিরা খান অগ্নিহোত্রী এবং ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর পরিচালকদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানিতে তাঁদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে, এই ঘটনায় সলমন খান বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.