Deepika Padukone: গর্ভাবস্থার শেষ পর্যায়েও কাজ থেকে বিরতি নেননি দীপিকা পাড়ুকোন। বরং আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও রাতের শিফটে শুটিং থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য—সবই সামলাচ্ছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। আর তাঁর এমন ব্যস্ত কর্মসূচি ঘিরেই উদ্বেগ প্রকাশ করছেন ভক্তদের একাংশ। গত কয়েক বছর ধরে দীপিকার ‘আট ঘণ্টার শিফট’-এর দাবি নিয়ে বলিউডে বিস্তর আলোচনা হয়েছে। ‘স্পিরিট’ ছবি থেকে তাঁর সরে যাওয়া এবং ‘কল্কি ২’-এর ক্ষেত্রেও একই ধরনের শর্ত দেওয়ার খবরকে কেন্দ্র করে অভিনেত্রীর বিরুদ্ধে পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও এবার অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর কাজের ব্যস্ততা যেন সেই বিতর্কের সম্পূর্ণ বিপরীত ছবি তুলে ধরছে।
অন্তঃসত্ত্বা অবস্থাতেও থামেনি শুটিং
বর্তমানে দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা। জানা যাচ্ছে, আগামী অক্টোবরেই রণবীর সিং এবং দীপিকার দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখবে। প্রথম সন্তানের জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন বিরতি নেওয়া হলেও এবার সেই পথে হাঁটেননি অভিনেত্রী। শাহরুখ খানের ‘কিং’ ছবির কাজ শেষ করার পর দীপিকা মন দেন পরিচালক অ্যাটলির মেগাবাজেট ছবি ‘রাকা’-র শুটিংয়ে। ছবিতে তাঁকে বেশ কিছু শক্তিশালী অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলেও জানা গিয়েছে। ছবির কাজ দ্রুত শেষ করার লক্ষ্যেই বর্তমানে দিন-রাত এক করে শুটিং করছেন অভিনেত্রী। চুক্তি অনুযায়ী নির্ধারিত কাজ মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগেই শেষ করে ফেলতে চাইছেন তিনি। ফলে শুটিংয়ের জন্য অতিরিক্ত সময়ও দিতে হচ্ছে তাঁকে।
রাতের শিফটেও শুটিং, অ্যাকশন দৃশ্যেও দীপিকা
‘রাকা’-র টিমের ঘনিষ্ঠ সূত্রের দাবি, আট মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও দীপিকা রাতের শিফটেও শুটিং করছেন। শুধু তাই নয়, অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন তিনি। সূত্রের কথায়, সেটে এই পরিস্থিতিতেও দীপিকাকে কাজ করতে দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। তবে একইসঙ্গে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়েও স্বাভাবিকভাবেই উদ্বেগ রয়েছে। কারণ, শুটিংয়ের পাশাপাশি বাড়িতে অপেক্ষা করছে তাঁর দেড় বছরের মেয়ে। কাজের ব্যস্ততার মধ্যেও মেয়েকে সময় দেওয়ার দায়িত্ব সামলাতে হচ্ছে অভিনেত্রীকে।
‘রাকা’-তেই নতুন অবতারে দীপিকা
অ্যাটলি পরিচালিত ‘রাকা’-য় দীপিকাকে একেবারে নতুন অবতারে দেখা যাবে বলে খবর। ছবিতে তাঁর চরিত্রে অ্যাকশনের ঝলক ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। এবার দ্বিতীয় সন্তানের জন্মের আগে ছবির বাকি কাজ দ্রুত শেষ করতে চাইছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, চলতি মাসেই ‘রাকা’-র শুটিং শেষ করে মাতৃত্বকালীন ছুটিতে যাবেন দীপিকা পাড়ুকোন।
তবে গর্ভাবস্থার এমন গুরুত্বপূর্ণ সময়ে রাতের শিফট এবং অ্যাকশন দৃশ্যে কাজ করার খবর সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। প্রিয় অভিনেত্রীকে নিয়ে তাঁরা যেমন গর্বিত, তেমনই তাঁর সুস্থতা ও নিরাপত্তা নিয়েও চিন্তিত।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.