রাজা সেনের মৃত্যুতে ‘অভিভাবকহীন’ ঋতুপর্ণা, আক্ষেপ ‘প্রাপ্য সম্মান পেলেন না’

দীর্ঘদিনের লড়াই থামল। ৭১ বছর বয়সে কলকাতার এসএসকেএম হাসপাতালে প্রয়াত হলেন বিশিষ্ট পরিচালক রাজা সেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। শেষ সময়ে হাসপাতালে থেকে তাঁর চিকিৎসার যাবতীয় ব্যবস্থার দিকে নজর রেখেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু শেষরক্ষা হল না। রাজা সেনের প্রয়াণে গভীরভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালকের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের মনের কথা তুলে ধরেছেন তিনি।

ঋতুপর্ণার কথায়, রাজা সেন ছিলেন ইন্ডাস্ট্রির অন্যতম হৃদয়বান মানুষ। তাঁর পরিচালনায় তৈরি একাধিক ছবি আজও দর্শকের মনে অমলিন। তাঁকে ‘উজ্জ্বল নক্ষত্র’ হিসেবে উল্লেখ করে অভিনেত্রী লেখেন, তাঁর প্রয়াণ বাংলা চলচ্চিত্র জগতের এক বড় ক্ষতি। একইসঙ্গে তাঁর আক্ষেপ, এমন প্রতিভাবান পরিচালকও নিজের কাজের জন্য প্রযোজক খুঁজতে বাধ্য হতেন। অভিনেত্রীর দাবি, রাজা সেন যে সম্মান পাওয়ার যোগ্য ছিলেন, ইন্ডাস্ট্রি তাঁকে ততটা সম্মান দিতে পারেনি। জাতীয় পুরস্কার এনে দেওয়া এই পরিচালকের আরও অনেক ভালো কাজ করার ইচ্ছে ছিল বলেও উল্লেখ করেছেন তিনি।

রাজা সেনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত ব্যক্তিগত। ঋতুপর্ণার কথায়, পরিচালক তাঁকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন এবং বাবার মতো আগলে রাখতেন। এমনকি হাসপাতালে ভর্তি থাকার সময়ও নিজের অসুস্থতার চেয়ে অন্যদের নিয়েই বেশি চিন্তা করতেন তিনি। ঋতুপর্ণার অভিনয় দেখেও নিয়মিত তাঁর কাজের প্রশংসা ও চরিত্র বিশ্লেষণ করতেন। রাজা সেনের পরিচালনায় জয়া বচ্চন, তাপস পাল, অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো একাধিক বিশিষ্ট শিল্পী তাঁদের অভিনয়ের স্মরণীয় ছাপ রেখে গিয়েছেন। ঋতুপর্ণার মতে, বাংলা চলচ্চিত্রকে জাতীয় স্তরে সম্মান এনে দেওয়া এই পরিচালক তাঁর প্রাপ্য মর্যাদা পাননি।

রাজা সেনের প্রয়াণে নিজেকে ‘অভিভাবকহীন’ মনে করছেন ঋতুপর্ণা। তিনি জানিয়েছেন, রাজা সেনের স্ত্রী পাপিয়া সেনের পাশে সবসময় থাকবেন এবং রাজা সেনের পরিবার ও তাঁর কাজের সঙ্গেও যুক্ত থাকবেন।

ঋতুপর্ণা আরও লিখেছেন, আজকের ঋতুপর্ণা হয়ে ওঠার পেছনে রাজা সেনের বড় অবদান রয়েছে। তাঁর কাছ থেকে জীবনে অনেক কিছু শিখেছেন অভিনেত্রী। শেষবারের মতো পরিচালকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রার্থনা—পরের জন্মে যেন রাজা সেনের সব অপূর্ণ আশা পূর্ণ হয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক