Sunny Leone: মাসখানেক আগে মন্দারমণি থেকে ছবি পোস্ট করে চর্চায় এসেছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন(Sunny Leone) । এবার সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখা গেল ‘বেবি ডল’-কে। জুহুর ইসকন মন্দিরে গিয়ে ভগবানের আশীর্বাদ নিলেন অভিনেত্রী। তাঁর সঙ্গে ছিলেন স্বামী ড্যানিয়েল ওয়েবার।
ইসকন মন্দিরে সানি(Sunny Leone)-র পরনে ছিল হালকা রঙের এমব্রয়ডারি করা সালোয়ার স্যুট। মাথায় ওড়না দিয়ে ভক্তিভরে প্রার্থনা করতে দেখা যায় তাঁকে। সাগরপাড়ে তাঁর সাহসী ফ্যাশন স্টেটমেন্টের থেকে একেবারেই আলাদা এই ছিমছাম লুকে অনুরাগীদের নজর কাড়েন অভিনেত্রী। সানির পাশে দেখা যায় ড্যানিয়েলকেও। সাদা টি-শার্টের সঙ্গে সবুজ শার্ট এবং ক্রিম রঙের প্যান্ট পরে তিনিও ভক্তিভরে প্রার্থনা করেন। ইসকন মন্দিরে সানি ও ড্যানিয়েলের সেই মুহূর্তের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
জানা যাচ্ছে, আসন্ন একটি প্রজেক্টের জন্যই মন্দিরে গিয়ে ভগবানের আশীর্বাদ নেন সানি। পাশাপাশি বর্তমানে নিজের ‘ডিজে ওয়ার্ল্ড ট্যুর’ নিয়েও ব্যস্ত অভিনেত্রী। ভারত, থাইল্যান্ড এবং কানাডার বিভিন্ন শহরে ইতিমধ্যেই পারফর্ম করেছেন তিনি। পাটায়া, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কোচির মঞ্চেও দর্শকদের মাতিয়েছেন সানি। এছাড়াও ইউরোপ, আমেরিকা ও শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় শো করেছেন। স্কটল্যান্ডের গ্লাসগো এবং আয়ারল্যান্ডের ডাবলিনেও পারফর্ম করেছেন অভিনেত্রী। তাঁর আন্তর্জাতিক সফরের পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়া।
অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় কাটছে সানির। ‘কেনেডি’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এবার হরর-কমেডি ছবি ‘চুদাইল’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে সানির সঙ্গে অভিনয় করেছেন মন্দানা করিমি ও রাহুল দেব। ছবিটির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে উত্তরপ্রদেশে।
‘চুদাইল’-এ বুলন্দশহরের রাস্তায় ঘুরে বেড়ানো এক অতৃপ্ত আত্মার চরিত্রে অভিনয় করবেন সানি। অন্যদিকে, মন্দানা করিমিকে দেখা যাবে তাঁর প্রতিদ্বন্দ্বী অতিপ্রাকৃত শক্তির ভূমিকায়। চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। একসময় প্রাপ্তবয়স্ক বিনোদন জগতের পরিচিত মুখ ছিলেন সানি লিওন। সেই জগতকে বিদায় জানানোর পর ভারতে তাঁর জনপ্রিয়তা আরও বাড়ে সলমন খানের সঞ্চালনায় ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর। এই রিয়্যালিটি শো-ই তাঁকে গোটা দেশে পরিচিত করে তোলে এবং পরবর্তীতে বলিউডে তাঁর পথ খুলে যায়।

অভিনয়, মিউজিক পারফরম্যান্স এবং একের পর এক নতুন প্রজেক্ট—সব মিলিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন সানি লিওন। আর সেই ব্যস্ততার মাঝেই জুহুর ইসকন মন্দিরে তাঁর এই ভক্তিময় মুহূর্ত নেটদুনিয়ায় নতুন করে তৈরি করেছে চর্চা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.