মহাদেবকে সাক্ষী রেখে নতুন অধ্যায়ের ইঙ্গিত? যশ-নুসরতের পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা

সমাজের কটাক্ষ কিংবা বিচ্ছেদের জল্পনা—কোনও কিছুই যেন টলাতে পারেনি যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের সম্পর্ককে। বারবার তাঁদের নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ভালোবাসার মুহূর্ত ভাগ করে নিয়ে সেই জল্পনায় জল ঢেলেছেন তারকা জুটি। এবার মহাদেবকে সাক্ষী রেখে তাঁদের জীবনে ‘নতুন অধ্যায়’-এর ইঙ্গিত ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা।

শ্রাবণের শেষ সোমবার বাড়িতেই মহাদেবের পুজোর আয়োজন করেছিলেন যশ-নুসরত। পুজোর নানা মুহূর্তের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তাঁরা। একেবারে ঘরোয়া পরিবেশে পুজোর আয়োজন থেকে শুরু করে একসঙ্গে আরাধনা—সবকিছুতেই ফুটে উঠেছে তাঁদের আধ্যাত্মিকতার ছাপ।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তারকা জুটির ক্যাপশন। তাঁরা লিখেছেন, ‘প্রতিটা পদে মহাদেবের আশীর্বাদ সঙ্গী করে ভবিষ্যতের পথে এগোচ্ছি।’ এই বক্তব্যের পরেই নেটপাড়ার একাংশের প্রশ্ন, তবে কি জীবনে কোনও নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছেন যশরত?

যদিও ঠিক কীসের সূচনা নিয়ে তাঁরা কথা বলেছেন, সেই উত্তর এখনও স্পষ্ট নয়। ফলে জল্পনা আরও বেড়েছে। অনুরাগীদের একাংশের ধারণা, ব্যক্তিগত জীবন হোক কিংবা নতুন কোনও কাজ—‘ভবিষ্যতের পথে’ এগিয়ে যাওয়ার বার্তার পিছনে বিশেষ কোনও পরিকল্পনা থাকতে পারে।

এর আগেও যশ-নুসরতকে পরিবারের সঙ্গে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পালন করতে দেখা গিয়েছে। দিওয়ালি, দোল কিংবা ইদের মতো উৎসবের মুহূর্ত তাঁরা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টে কৃষ্ণভক্তি ও আধ্যাত্মিকতার নানা ঝলকও দেখা যায়।

নুসরতকে অবশ্য অতীতেও ধর্মীয় পরিচয় ও বিশ্বাস নিয়ে নানা বিতর্কের মুখে পড়তে হয়েছে। শাঁখা-পলা কিংবা সিঁদুর পরা নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন অনেকেই। তবে অভিনেত্রী বারবারই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন এবং নিজের বিশ্বাস ও জীবনযাপনের ক্ষেত্রে নিজের সিদ্ধান্তকেই গুরুত্ব দিয়েছেন।

এবারও মহাদেবের আরাধনার ছবি ঘিরে যেমন প্রশংসা এসেছে, তেমনই নেটিজেনদের একাংশ তাঁর ধর্মীয় বিশ্বাস নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে সব বিতর্কের মধ্যেই আপাতত যশ-নুসরতের বার্তা একটাই—মহাদেবের আশীর্বাদকে সঙ্গী করে তাঁরা এগিয়ে চলেছেন ভবিষ্যতের পথে। আর সেই ‘নতুন পথ’ আসলে কোন দিকে, তার উত্তর পেতে এখন অপেক্ষা অনুরাগীদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক