সময়ের সঙ্গে বদলেছে সিনেমা ও ওয়েব সিরিজের গল্প বলার ধরন। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে অন্তরঙ্গ দৃশ্য এখন অনেকটাই পরিচিত বিষয়। তবে পর্দায় যে দৃশ্য দর্শকের কাছে স্বাভাবিক মনে হয়, তার নেপথ্যে অভিনেতা-অভিনেত্রীদের নানা শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সম্প্রতি এমনই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ‘তারক মেহতা কা উলটা চশমা’ খ্যাত অভিনেত্রী নেহাল ভাদোলিয়া।
একটি পডকাস্টে অতিথি হয়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন নেহাল। অভিনেত্রী হিসেবে কাজ করার পাশাপাশি তিনি পরবর্তীকালে ইন্টিমেসি কো-অর্ডিনেটর হিসেবেও কাজ করেছেন। ফলে এই ধরনের দৃশ্যের শুটিংয়ের বাস্তব অভিজ্ঞতা তাঁর রয়েছে।
নেহাল জানান, সাহসী বা ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং মোটেই আনন্দের বিষয় নয়। পরিচালকের নির্দেশ মেনেই নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করা হয়। তাঁর কথায়, অনেক সময় চেষ্টা করা হয় যাতে একটি দৃশ্য এক টেকেই সম্পূর্ণ করা যায়। অভিনেত্রীর দাবি, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের পর শরীরে নানা ধরনের দাগ তৈরি হতে পারে। এমনকি ঠোঁটও ফুলে যেতে পারে। সেই কারণেই অনেক ক্ষেত্রে আগে সংলাপের দৃশ্যের শুটিং করা হয় এবং পরে ঘনিষ্ঠ দৃশ্যের দিকে যাওয়া হয়। শুটিংয়ের সময় অভিনেতা-অভিনেত্রীদের স্বচ্ছন্দ থাকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটিও স্পষ্ট করেছেন তিনি।

নেহাল আরও বলেন, দর্শক পর্দায় অন্তরঙ্গ মুহূর্ত দেখলেও তার পিছনে থাকে কঠোর শুটিং প্রক্রিয়া। তাই এই ধরনের দৃশ্যকে শুধুমাত্র ‘মজা’ হিসেবে দেখার ধারণা ঠিক নয়। অভিনেতা-অভিনেত্রীদের নির্দিষ্ট নির্দেশনা মেনেই প্রতিটি শট দিতে হয়।
প্রসঙ্গত, প্রায় চার বছর আগে বোল্ড ইন্ডাস্ট্রিতে কাজ করা থেকে সরে এসেছেন নেহাল। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন এবং ইনস্টাগ্রাম তাঁর অন্যতম আয়ের উৎস। ব্যক্তিগত জীবনেও এসেছে পরিবর্তন। নেহালের কথায়, তিনি বর্তমানে ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। দীর্ঘদিন ধরে প্রেমানন্দ মহারাজের ভক্ত তিনি এবং নিয়মিত সৎসঙ্গ শুনতেও ভালোবাসেন।

নেহালের এই বক্তব্য ফের সামনে আনল অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের নেপথ্যের বাস্তবতা—পর্দায় কয়েক মিনিটের একটি দৃশ্য তৈরি করতে অভিনেতা-অভিনেত্রীদের কতটা প্রস্তুতি ও শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়।


Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.