প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার হলেন সাঁকরাইল থানার নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল শুভময় মণ্ডল। মঙ্গলবার ফাঁদ পেতে তাঁকে গ্রেপ্তার করে রাজ্য দুর্নীতি দমন শাখা।
জানা গিয়েছে, এক প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন অভিযুক্ত কনস্টেবল। বিষয়টি রাজ্য দুর্নীতি দমন শাখার কাছে জানানো হলে অভিযোগকারীর সহযোগিতায় ফাঁদ পাতেন তদন্তকারীরা।
পরিকল্পনা অনুযায়ী, কেমিক্যাল মেশানো টাকা নিয়ে থানায় পৌঁছন ওই প্রোমোটার। টাকা দেওয়ার পর তিনি সেখান থেকে বেরিয়ে আসতেই ঘটনাস্থলে পৌঁছন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। তাঁদের দেখতে পেয়েই টাকার দুটি বান্ডিল, অর্থাৎ ৫০ হাজার টাকা, ফেলে দেন শুভময়। তবে বাকি ৫০ হাজার টাকা ফেলার সুযোগ পাননি তিনি। তদন্তকারীরা তাঁকে ঘটনাস্থল থেকেই ধরে ফেলেন।
অভিযোগ অস্বীকার করে প্রথমে ঘুষ নেওয়ার কথা অস্বীকার করেন অভিযুক্ত কনস্টেবল। এরপর তদন্তকারীরা তাঁর হাত জলে ডোবান। কেমিক্যাল মেশানো টাকা ধরার কারণে তাঁর হাতের সংস্পর্শে আসা জল গোলাপি হয়ে যায় বলে জানা গিয়েছে। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনার একদিন আগেই ঘুষ নেওয়ার অভিযোগে হাওড়ার ব্যাঁটরা থানার সাব-ইন্সপেক্টর সুব্রত সরকারকে গ্রেপ্তার করেছিল রাজ্য দুর্নীতি দমন শাখা। তাঁর বিরুদ্ধে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে এবং সেই টাকা উদ্ধারও হয়।
সাম্প্রতিক সময়ে রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে অভিযানে জোর দিয়েছে দুর্নীতি দমন শাখা। ঝাড়গ্রামের পর হাওড়াতেও পরপর সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তাও দেওয়া হয়েছে সরকারের তরফে।
একদিকে সাব-ইন্সপেক্টর, অন্যদিকে কনস্টেবল—পরপর দুই পুলিশকর্মীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তারির ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.