দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়—টলিউডের এক সময়ের অন্যতম চর্চিত জুটি। প্রেম, বিচ্ছেদ থেকে শুরু করে দীর্ঘ বিরতির পর ফের পেশাগতভাবে একসঙ্গে কাজ—দু’জনের সম্পর্কের নানা অধ্যায়ই বারবার উঠে এসেছে আলোচনায়। এবার দেবের প্রথম পরিচালিত ছবি ‘দেশু ৭’-এর শুটিং শেষ হওয়ার বিশেষ দিনে প্রাক্তন প্রেমিককে আবেগঘন খোলা চিঠি লিখলেন শুভশ্রী।
বুধবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ‘দেশু ৭’-এর শুটিং। এই ছবিতে দেবের পরিচালনায় অভিনয় করেছেন শুভশ্রী। প্রায় এক দশক পর ফের শুটিং সেটে একসঙ্গে দেখা গেল এই জুটিকে। ছবির শুটিং শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় দেবকে উদ্দেশ্য করে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন শুভশ্রী।
চিঠিতে শুভশ্রী লেখেন, তাঁদের দু’জনের কেরিয়ারের যাত্রা প্রায় একই সময়ে শুরু হয়েছিল। তবে এই ছবিতে কাজের অভিজ্ঞতা তাঁর কাছে একেবারেই আলাদা। কারণ, এবার অভিনেতা দেবকে নয়, পরিচালক দেবকে কাছ থেকে দেখেছেন তিনি। পরিচালকের ভাবনা কীভাবে পর্দায় রূপ নিচ্ছে, সেই অভিজ্ঞতার কথাও জানান অভিনেত্রী। শুভশ্রীর কথায়, শুরুতে দেবের পরিচালনার দক্ষতা দেখে তাঁর কিছুটা ‘ঈর্ষা’ হয়েছিল। চিত্রনাট্য ও ছবি তৈরির দৃষ্টিভঙ্গি নিয়ে দেব এতটা পরিষ্কার এবং প্রস্তুত কীভাবে হতে পারেন, তা তাঁকে অবাক করেছিল। অভিনয়ের পাশাপাশি দেব কখন এবং কীভাবে পরিচালনার এত কিছু শিখে ফেললেন, সেই প্রশ্নও জেগেছিল তাঁর মনে।
তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ঈর্ষাই বদলে যায় অনুপ্রেরণায়। শুভশ্রী মনে করেন, ‘দেশু ৭’ মুক্তি পেলে টলিউড একজন নতুন সফল পরিচালককে পাবে। সাধারণ দর্শককে বিনোদন দেওয়ার মতো গল্প বলার ক্ষমতা দেবের রয়েছে বলেও নিজের বিশ্বাসের কথা জানান তিনি। চিঠির শেষে দেবের পরিচালক হিসেবে ভবিষ্যৎ পথচলার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা জানান শুভশ্রী। স্পষ্ট ভাষায় লেখেন, ‘তোমার জন্য গর্ব হয়।’ পরিচালক হিসেবে দেবের আগামী দিনের যাত্রা আরও সাফল্যমণ্ডিত হোক, সেই কামনাও করেন তিনি।
দশ বছর পর ফের একসঙ্গে দেব-শুভশ্রী
দেব-শুভশ্রীর পেশাগতভাবে ফের একসঙ্গে আসার নেপথ্যে রয়েছে ‘ধূমকেতু’। ছবিটির শুটিং হয়েছিল ২০১৫ সালে, যখন দু’জনের ব্যক্তিগত সম্পর্কেরও অবসান হয়ে গিয়েছিল। দীর্ঘদিন বাক্সবন্দি থাকার পর ছবিটি ২০২৫ সালের অগস্টে মুক্তি পায়। ছবির প্রচারেও একসঙ্গে দেখা যায় তাঁদের।
‘ধূমকেতু’-র প্রচারের সময় দেবের একটি মন্তব্য ঘিরে শুভশ্রী মনঃক্ষুণ্ণ হয়েছিলেন বলেও আলোচনা হয়েছিল। পরে ভুল বোঝাবুঝির পর্ব কাটিয়ে ফের পেশাগতভাবে একসঙ্গে কাজ করেন তাঁরা। এবার দেবের পরিচালনায় ‘দেশু ৭’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। দুর্গাপুজোর সময় মুক্তি পাওয়ার কথা ‘দেশু ৭’-এর। ছবিতে শুভশ্রী ও দেবের পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। এখন দর্শকের অপেক্ষা, দেবের প্রথম পরিচালিত ছবি শেষ পর্যন্ত কেমন সাড়া ফেলে টলিউডে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.