সদ্য ‘দেশু ৭’-এর শুটিং শেষ করেছেন টলিউড সুপারস্টার দেব। এরই মাঝে দেব ও শুভশ্রীর পুরনো জুটির নস্ট্যালজিয়া উসকে দিয়েছে ‘রোমিও’ ছবির জনপ্রিয় গান ‘কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালা রে’-তে তাঁদের নাচ। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে চর্চায় এসেছে দেব-শুভশ্রীর রসায়ন।
এর মধ্যেই প্রকাশ্যে এসেছে দেবের আরও একটি ভিডিও। তবে সেখানে শুভশ্রী নেই। ভিডিওটি ‘দাদাগিরি’র মঞ্চের একটি প্রোমো, যেখানে সঞ্চালনার ফাঁকে একরত্তি শিশুকে কোলে নিয়ে আদরে ব্যস্ত দেখা যাচ্ছে দেবকে। মুহূর্তটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে মজার মন্তব্যের বন্যা।
দেবের অনুরাগীদের একাংশের প্রশ্ন, অভিনেতা কবে বাবা হবেন? কেউ লিখেছেন, ‘দেবের নিজের কবে এমন একটা হবে।’ আবার কারও মতে, শিশুকে কোলে নিয়ে দেব যেন আগেভাগেই আদর করার অভ্যাস করছেন। এক অনুরাগী আরও মজার ছলে লিখেছেন, ‘একে সামলানো দাদাগিরি সঞ্চালনার থেকে অনেক কঠিন।’
‘দাদাগিরি’র নতুন সিজনে দেবের সঞ্চালনা নিয়ে শুরুতে দর্শকদের একাংশের মধ্যে সংশয় ছিল। তবে সময়ের সঙ্গে সেই সংশয় অনেকটাই কেটেছে। ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে মঞ্চে নিজের ছাপ ফেলতে শুরু করেছেন দেব। নন-ফিকশন শো-তে তাঁর সঞ্চালনায় থাকছে নানা চমক, পাশাপাশি তারকা অতিথিদের উপস্থিতিও বাড়াচ্ছে অনুষ্ঠানের আকর্ষণ।
শুধু বিনোদন নয়, ‘দাদাগিরি’র মঞ্চে এবার দেখা যাচ্ছে রাজনৈতিক মহলের পরিচিত মুখদেরও। বিশেষ পর্বে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছেন বাংলার একাধিক দাপুটে বিধায়ক। সজল ঘোষ, কুণাল ঘোষ ও মদন মিত্রদের পাশাপাশি নতুন প্রোমোয় দেখা গিয়েছে বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি, ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং ডোমকলের বিধায়ক তথা বিধানসভায় বামেদের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমানকে।
এই হাইভোল্টেজ পর্বের প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের কৌতূহল বেড়েছে। দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্বদের কীভাবে সামলান ‘নতুন দাদা’ দেব, সেটাই এখন দেখার। পাশাপাশি ‘দাদাগিরি’র মঞ্চে সজল-কুণাল-মদনদের সঙ্গে কৌস্তভ-নওশাদদের রসায়ন কেমন হয়, তা নিয়েও তৈরি হয়েছে আগ্রহ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.