হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মোহসিন খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। ‘ইয়ে রিশ্তা ক্যা কহলাতা হ্যায়’ ধারাবাহিকে কার্তিকের চরিত্রে অভিনয় করে দর্শকের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠা অভিনেতা বাগ্দান সেরে ফেলেছেন। শনিবার সমাজমাধ্যমে নিজেই সুখবরটি ভাগ করে নেন তিনি। আর সেই ঘোষণাতেই রীতিমতো চমকে ওঠেন তাঁর অনুরাগীরা।
মোহসিনের হবু স্ত্রীর নাম তমন্না। বাগ্দান অনুষ্ঠানের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে পোস্ট করে জীবনসঙ্গীকে খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন অভিনেতা। ছবিগুলিতে কখনও ঐতিহ্যবাহী পোশাকে, আবার কখনও অন্য সাজে একসঙ্গে দেখা গিয়েছে মোহসিন ও তমন্নাকে।
তমন্নাকে নিয়ে আবেগঘন পোস্টও করেছেন অভিনেতা। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, এই সুন্দরী, পাগল, আত্মবিশ্বাসী ও আবেগপ্রবণ মেয়েটি, যে সবসময় হাসি-ঠাট্টা, আশা, প্রার্থনা, নাচ ও গানে জীবনকে ভরিয়ে রাখে—তাঁর জন্যই যেন তৈরি হয়েছিল। মোহসিনের কথায়, তাঁদের নামও যেন একসঙ্গেই লেখা ছিল।
এর পর তমন্নার সঙ্গে প্রথম পরিচয় থেকে সম্পর্কের বিভিন্ন মুহূর্তের স্মৃতিচারণ করেন অভিনেতা। প্রথম দেখা, প্রথম হাত ধরা থেকে শুরু করে তমন্নার গাওয়া একটি মজার গান—সবকিছুর মধ্যেই তিনি বুঝতে পেরেছিলেন, তাঁর মনের মধ্যে তমন্না স্থায়ী জায়গা করে নিয়েছেন। নিজের মনের মানুষকে খুঁজে পাওয়ার অনুভূতিও প্রকাশ করেছেন মোহসিন।
অভিনেতার বিশ্বাস, তাঁদের এই সম্পর্কের গল্প হয়তো অনেক আগে থেকেই ‘তারায়-তারায়’ লেখা ছিল। নতুন জীবনের শুরুতে একসঙ্গে পথ চলা, ভালোবাসা, বন্ধুত্ব এবং অসংখ্য স্মৃতি তৈরির স্বপ্নের কথাও জানিয়েছেন তিনি। তাঁর পোস্টের শেষেও উঠে এসেছে একে অপরের মধ্যে নিজের ‘বাড়ি’ খুঁজে পাওয়ার অনুভূতি।
মোহসিনের বাগ্দানের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। দিব্যাঙ্কা ত্রিপাঠী, স্টিবেন বেন, অদৃজা রায়, শ্রদ্ধা আর্য-সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী তাঁকে এবং তমন্নাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে বাগ্দান হয়ে গেলেও তাঁদের সামাজিক বিয়ের অনুষ্ঠান কবে হবে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করেননি অভিনেতা।
২০২১ সালে ‘ইয়ে রিশ্তা ক্যা কহলাতা হ্যায়’ ধারাবাহিক ছাড়ার পর থেকে টেলিভিশন থেকে কিছুটা দূরেই রয়েছেন মোহসিন। ২০২৪ সালে একটি ওয়েব সিরিজ়ে দেখা গিয়েছিল তাঁকে। অভিনয়ের পাশাপাশি নিজের সুগন্ধীর ব্যবসাও পরিচালনা করছেন জনপ্রিয় এই অভিনেতা। এবার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে অনুরাগীদেরও চমকে দিলেন তিনি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.