অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর বেশ কিছুটা সময় কেটে গেলেও তাঁকে ঘিরে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। রাহুলের মৃত্যুর কারণ নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় রাহুল ও অভিনেত্রী মৌমিতা পণ্ডিতের একটি পুরনো ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে চর্চা।
ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে মৌমিতা দাবি করেছেন, রাহুলের সঙ্গে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। এমনকি নিজেকে রাহুলের ‘প্রেমিকা’ বলেও উল্লেখ করেছিলেন তিনি। এরপরই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল বিতর্ক। ইন্ডাস্ট্রির বেশ কয়েকজনও মৌমিতার বক্তব্য নিয়ে কটাক্ষ করেন।
তবে মৌমিতার দাবি, জনপ্রিয়তা পাওয়ার জন্য তিনি কোনওভাবেই ওই ভিডিও প্রকাশ্যে আনেননি। তাঁর কথায়, সত্যিই যদি তাঁর জনপ্রিয় হওয়ার উদ্দেশ্য থাকত, তাহলে রাহুলের সঙ্গে তাঁর ব্যক্তিগত চ্যাটও প্রকাশ্যে আনতে পারতেন। তিনি জানান, হোয়াটসঅ্যাপে পোস্ট করার পরই কোনওভাবে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ক্রমাগত আক্রমণ ও কটাক্ষে তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলেও দাবি করেছেন। এই পরিস্থিতিতে গোটা বিতর্ক নিয়ে মুখ খুললেন রাহুলের সহ-অভিনেত্রী ও দীর্ঘদিনের বন্ধু দেবলীনা দত্ত। সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে উপস্থিত হয়ে তাঁকে মৌমিতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিনেত্রী।
দেবলীনার স্পষ্ট বক্তব্য, এই বিষয় নিয়ে এখন কারও মন্তব্য করা উচিত নয়। তাঁর কথায়, “এই গোটা ব্যাপারে যার কিছু বলার ছিল, সে এখন আমাদের মধ্যে নেই। যখন সে আমাদের মধ্যে নেই, তখন আমাদের কারোর এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত নয়। এটা একটা ভয়ঙ্কর রকম অন্যায় হচ্ছে। আমরা সবাই অন্যায় করছি।”
দেবলীনা আরও জানান, রাহুল বরাবরই নিজের বক্তব্য স্পষ্টভাবে প্রকাশ করতে পছন্দ করতেন। তিনি যদি আজও জীবিত থাকতেন, তাহলে এই বিতর্ক নিয়ে নিজের মতামত নিজেই জানাতে পারতেন। কিন্তু তিনি আর নেই। তাই তাঁর হয়ে অন্য কারও কথা বলা বা তাঁকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি করা একেবারেই উচিত নয় বলে মনে করেন দেবলীনা।
অভিনেত্রীর কথায়, রাহুল যদি অন্য কোনও জগত থেকে এই সমস্ত কিছু দেখতে পান, তাহলে বিষয়টি তাঁকে অত্যন্ত কষ্ট দেবে। তাই তাঁর প্রতি সম্মান জানিয়ে এই বিতর্ক এখানেই থামানো উচিত।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ছবিওয়ালা’ ছবিটি। এই ছবিতে রাহুলের সঙ্গে অভিনয় করেছেন দেবলীনা দত্ত। ছবিতে রাহুলের চরিত্রের মৃত্যুও দেখানো হয়েছে। বাস্তব জীবনেও রাহুলের অকাল প্রয়াণের পর ছবির এই ঘটনাটি দর্শকদের কাছে আরও আবেগঘন হয়ে উঠেছে। একই সঙ্গে রাহুল ও দেবলীনার অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.