ইশান খট্টর বলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেতা। ‘ধড়ক’, ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’, ‘দ্য রয়্যালস’-এর মতো কাজের পাশাপাশি সম্প্রতি ‘হোমবাউন্ড’ ছবির জন্যও নজর কেড়েছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি বরাবরই চর্চায় থেকেছে তাঁর ব্যক্তিগত জীবন। নিজের প্রেমজীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে দেখা যায়নি অভিনেতাকে। কিন্তু এ বার তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ঘিরেই জোরদার হয়েছে বিচ্ছেদের গুঞ্জন।
২০২৩ সালে প্রথম খবর ছড়িয়েছিল, কুয়ালালামপুরের পরিচিত মডেল চাঁদনী বেইজের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইশান। এরপর গত প্রায় তিন বছর ধরে তাঁদের সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। মুম্বইয়ে মাঝেমধ্যেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন ইশান ও চাঁদনী। সেই সম্পর্কেই নাকি এ বার ছেদ পড়েছে।
যদিও ইশান বা চাঁদনী—কেউই বিচ্ছেদের খবর নিয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। ফলে বিষয়টি এখনও গুঞ্জনের পর্যায়েই রয়েছে। তবে ইশানের জীবনে নতুন করে সারা অর্জুনের উপস্থিতিই নাকি এই জল্পনার অন্যতম কারণ।
সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবির সুবাদে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সারা অর্জুন। রণবীর সিংয়ের সঙ্গে তাঁর জুটি দর্শকের নজর কেড়েছে। গত এপ্রিল মাসে ইশানের সঙ্গে একটি বিজ্ঞাপনী ভিডিওতেও দেখা যায় সারাকে। সেই ভিডিওতে দু’জনের ঘনিষ্ঠ রসায়ন দেখে অনুরাগীদের একাংশের মনে প্রশ্ন উঠেছিল, তবে কি নতুন কোনও ছবিতে জুটি বাঁধতে চলেছেন তাঁরা?
এরপর সম্প্রতি মুম্বইয়ের একটি ক্রিকেট ম্যাচেও ইশান ও সারাকে একসঙ্গে দেখা যায়। তাঁদের একসঙ্গে উপস্থিতি নতুন করে উসকে দিয়েছে সম্পর্কের গুঞ্জন। এমনকি নেটপাড়ার একাংশের দাবি, সারার সঙ্গে ইশানের ঘনিষ্ঠতার কারণেই নাকি চাঁদনীর সঙ্গে তাঁর সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে।

তবে এই দাবির কোনও আনুষ্ঠানিক সত্যতা এখনও মেলেনি। ইশান, চাঁদনী কিংবা সারা—কেউই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি। ফলে সত্যিই ইশান-চাঁদনীর তিন বছরের সম্পর্কে ভাঙন ধরেছে কি না, কিংবা সারা অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই পেশাগত—তা সময়ই বলবে।
আরও পড়ুন,
ছেলের মুখ দেখালেন অনুপম-প্রশ্মিতা

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.