ঘাটালের এক অসহায় মহিলার পাশে দাঁড়িয়ে নজির গড়লেন সাংসদ-অভিনেতা দেব। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ অনুষ্ঠানের মঞ্চে উঠে চন্দ্রকোণার বাসিন্দা রীতা আড়ির দুর্দশার কথা তুলে ধরেছিলেন অভিনেত্রী তথা সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তী। তাঁর আবেদনে সাড়া দিয়ে দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী হন ঘাটালের সাংসদ দেব।
জানা গিয়েছে, ঘাটাল মহকুমার বাসিন্দা রীতা আড়ির স্বামী রাখাল আড়ি কয়েক মাস আগে ঘাটাল মহকুমা হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুর পর দীর্ঘ সময় কেটে গেলেও পরিবারের হাতে আসেনি ডেথ সার্টিফিকেট। অন্যদিকে, স্বামীর নামে থাকা ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে কার্যত নাজেহাল হয়ে পড়েছিলেন রীতা। দুই সন্তানকে নিয়ে সংসার চালানোর পাশাপাশি ঋণের বোঝাও তাঁর উপর চেপে বসেছিল।
‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর বিশেষ পর্বে নিজের পরিস্থিতির কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রীতা। বিষয়টি জানতে পেরে ঘাটালের সাংসদ দেবের কাছে সাহায্যের আবেদন করেন সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রীর সেই আবেদনে দ্রুত সাড়া দেন দেব।
আরও পড়ুন,
Sayantika: পুরনো ছন্দে সায়ন্তিকা, নতুন ছবিতে নজর কাড়লেন অভিনেত্রী
সুদীপ্তার দাবি, গত রবিবার সন্ধ্যায় তিনি ফেসবুকের মাধ্যমে দেবকে রীতার সমস্যার কথা জানান। ওই রাতেই দেব তাঁকে জানান, তিনি বিষয়টি দেখছেন। পরদিন সোমবার সকালেই দেবের টিম থেকে সুদীপ্তার কাছে ফোন আসে। এরপর মাত্র এক ঘণ্টার মধ্যেই তাঁর হোয়াটসঅ্যাপে রীতার স্বামীর মৃত্যুপ্রমাণপত্র পাঠিয়ে দেওয়া হয়।
শুধু ডেথ সার্টিফিকেট পাওয়াই নয়, সেটি জমা দেওয়ার পর রীতার স্বামীর নামে থাকা ঋণও মকুব হয়েছে বলে জানিয়েছেন সুদীপ্তা। ফলে প্রতি মাসে আর ঋণের কিস্তি দিতে হবে না রীতাকে। এতে কিছুটা হলেও তাঁর আর্থিক চাপ কমল।
সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়ে দেবকে ধন্যবাদ জানিয়েছেন সুদীপ্তা। পাশাপাশি, যাঁদের কোনও পরিচিতি বা প্রভাব নেই, তাঁদেরও যেন এমন সমস্যায় পড়তে না হয়, জনপ্রতিনিধি ও সরকারি কর্মীদের কাছে সেই আবেদন জানিয়েছেন অভিনেত্রী।
সুদীপ্তার এই পোস্টের পর দেবের দ্রুত উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনদের একাংশও। একজন অসহায় মহিলার সমস্যার দ্রুত সমাধানে সাংসদের এই তৎপরতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.