PM Narendra Modi: সন্ত্রাসবাদ নিয়ে আরও একবার কড়া অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর শীর্ষ সম্মেলনের মঞ্চ থেকে সন্ত্রাসবাদ মোকাবিলায় একযোগে পদক্ষেপের ডাক দিলেন তিনি। সন্ত্রাসবাদে অর্থ জোগান, জঙ্গি নিয়োগ, মৌলবাদে প্ররোচনা এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয়—এই গোটা পরিকাঠামোই ধ্বংস করার প্রয়োজনীয়তার কথা বলেন প্রধানমন্ত্রী।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সোমবার থেকে শুরু হয়েছে SCO-র ২৬তম শীর্ষ সম্মেলন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও ধরনের দ্বিচারিতা বরদাস্ত করা যায় না। রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। তাঁর বার্তা, সন্ত্রাসবাদকে কোনওভাবেই ‘কৌশলগত হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা উচিত নয়।
সন্ত্রাসবাদকে শুধু জঙ্গিদের বিরুদ্ধে লড়াই হিসেবে দেখলে চলবে না বলেও কার্যত বার্তা দেন মোদী। অর্থের জোগান থেকে শুরু করে জঙ্গি নিয়োগ, মৌলবাদে প্ররোচনা এবং সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়—প্রতিটি স্তরেই একযোগে ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন তিনি। SCO-র সহযোগিতাকে আরও কার্যকর করতে নিরাপত্তা (Security), যোগাযোগ (Connectivity) এবং সুযোগ (Opportunity)—এই তিনটি স্তম্ভকে শক্তিশালী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, পরিকল্পনা শুধু গ্রহণ করলেই হবে না, সেগুলিকে বাস্তবায়নের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।
আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতার বার্তা
আফগানিস্তান নিয়েও ভারতের অবস্থান তুলে ধরেন মোদী। আফগানিস্তানের সাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক ও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। একইসঙ্গে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
সংঘাতের সমাধান হোক আলোচনা ও কূটনীতিতে
আঞ্চলিক সংঘাত যাতে বৃহত্তর সংকটে পরিণত না হয়, সে বিষয়েও সতর্ক করেন মোদী। সংঘাতের প্রভাব যাতে বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থার উপর না পড়ে, তার জন্য আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে সওয়াল করেন তিনি।
মাদক পাচার ও সংগঠিত অপরাধের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ
সন্ত্রাসবাদের পাশাপাশি মাদক পাচার, সংগঠিত অপরাধ এবং অন্যান্য নিরাপত্তাজনিত হুমকির বিরুদ্ধেও SCO-র সদস্য দেশগুলির মধ্যে আরও কার্যকর সমন্বয়ের প্রয়োজন রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। দ্রুত তথ্য আদানপ্রদান ও পদক্ষেপের উপরও গুরুত্ব দেন তিনি।
যোগাযোগ ব্যবস্থা উন্নত করার ডাক
আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক করার পক্ষে সওয়াল করেন মোদী। তবে যোগাযোগ পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করার কথাও স্পষ্টভাবে জানান তিনি।
বাণিজ্য ও লজিস্টিক ব্যবস্থার আধুনিকীকরণের উপরও জোর দেন প্রধানমন্ত্রী। শুল্ক সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা, ডিজিটাল নথিপত্রের ব্যবহার বাড়ানো এবং লজিস্টিক নেটওয়ার্ককে আরও কার্যকর করার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর কথা বলেন তিনি।
যুব ও বিজ্ঞানীদের মধ্যে বাড়ুক যোগাযোগ
SCO-র সহযোগিতার সুফল যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছয়, সেই বিষয়েও গুরুত্ব দেন মোদী। যুব সম্প্রদায়, উদ্যোগপতি, কৃষক এবং সাধারণ নাগরিকদের জন্য নতুন সুযোগ তৈরির কথা বলেন তিনি।
পাশাপাশি SCO Startup Forum, Young Authors’ Conclave এবং Young Scientists’ Forum-এর মতো উদ্যোগের মাধ্যমে তরুণ, বিজ্ঞানী ও উদ্যোগপতিদের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক আদানপ্রদান আরও বাড়ানোর উপর জোর দেন প্রধানমন্ত্রী।
সব মিলিয়ে, SCO-র মঞ্চে ভারতের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, যোগাযোগ এবং যুবসমাজের উন্নয়ন—একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানও ফের স্পষ্ট করে দিলেন নরেন্দ্র মোদী।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.