‘বিগ বস বাংলা’ থেকে কত টাকা পেলেন? কী জবাব দিলেন ভরত কল?

‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিযোগী হিসেবে প্রবেশ করার পর টানা কয়েক মাস বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে হয় তারকাদের। মোবাইল ফোন, পরিবার এবং সোশাল মিডিয়া থেকে দূরে থেকে সম্পূর্ণ অচেনা পরিবেশে দিন কাটানো মোটেই সহজ নয়। তাই এই রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণের জন্য প্রতিযোগীরা কত টাকা পারিশ্রমিক পান, তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এই প্রশ্নের মুখেই পড়তে হল শো থেকে সদ্য বিদায় নেওয়া অভিনেতা ভরত কলকে। তবে পারিশ্রমিকের অঙ্ক জানানো তো দূরের কথা, প্রশ্ন শুনেই রীতিমতো বিরক্তি প্রকাশ করলেন তিনি।

গত সপ্তাহেই ‘বিগ বস বাংলা’র ঘর থেকে বিদায় নিয়েছেন ভরত কল। শো থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে সম্প্রতি ফেসবুক লাইভে অনুরাগীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন অভিনেতা। সেখানে বিগ বসের বাড়িতে কাটানো নানা মুহূর্ত, অভিজ্ঞতা এবং শোয়ের অন্দরমহলের বেশ কিছু অজানা কথা ভাগ করে নেন তিনি। লাইভে দর্শকদের ভালোবাসা ও শুভেচ্ছাও পেয়েছেন অভিনেতা। ভরতের বিদায়ে যে অনেক অনুরাগী মন খারাপ করেছেন, তা তাঁদের মন্তব্য থেকেই স্পষ্ট।

কিন্তু লাইভের মাঝেই এক নেটিজেন সরাসরি অভিনেতার পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করে বসেন। তাঁর প্রশ্ন ছিল, ‘কত টাকা পেলেন প্লিজ জানাবেন?’ এই প্রশ্ন শুনেই মেজাজ হারান ভরত। বিরক্তি প্রকাশ করে অভিনেতা বলেন, “আরে ভাই, আপনি কি ইনকাম ট্যাক্সের অফিসার নাকি? আপনাকে কেন বলতে যাব কত টাকা পেয়েছি?”

শুধু তাই নয়, এমন ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে জানতে চাওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভরতের কথায়, “এরকম ভাবে বলা যায় নাকি! আর বলবই বা কেন?” স্বাভাবিকভাবেই অভিনেতার এমন স্পষ্ট জবাবের পর লাইভের কমেন্ট বক্সে পারিশ্রমিক নিয়ে আলোচনা কিছুটা থেমে যায়। যদিও তাঁর উপার্জনের অঙ্ক জানার কৌতূহল থেকেই গিয়েছে দর্শকদের একাংশের। লাইভ চলাকালীন আরও এক নেটিজেন বিগ বসের অন্যান্য প্রতিযোগীদের পারিশ্রমিক নিয়েও জানতে চান। তবে অন্যের আয় নিয়ে এমন প্রশ্নেও বিশেষ সন্তুষ্ট হননি অভিনেতা। ব্যক্তিগত উপার্জন নিয়ে অযাচিত কৌতূহল যে তাঁর একেবারেই পছন্দ নয়, তা বুঝিয়ে দিয়েছেন ভরত।

অবশ্য পারিশ্রমিকের প্রশ্নে বিরক্ত হলেও বিগ বস বাংলার অন্যান্য বিষয় নিয়ে যথেষ্ট খোলামেলা ছিলেন অভিনেতা। বিশেষ করে এবারের সিজনে তাঁর পছন্দের সেরা পাঁচ প্রতিযোগীর নামও জানিয়েছেন তিনি। ভরতের মতে, ফাইনালে পৌঁছনোর যোগ্য দাবিদার হলেন জিতু, রাজবীর, দুর্নিবার, নিরঞ্জন এবং সোনামণি।

Anuj Thakur Death: ঘুমের মধ্যেই খিঁচুনি! মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত টেলি অভিনেতা অনুজ ঠাকুর, শোকস্তব্ধ বিনোদন জগৎ
Anuj Thakur Death: ঘুমের মধ্যেই খিঁচুনি! মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত টেলি অভিনেতা অনুজ ঠাকুর, শোকস্তব্ধ বিনোদন জগৎ

অর্থাৎ, নিজের পারিশ্রমিকের অঙ্ক গোপন রাখলেও বিগ বস বাংলার সম্ভাব্য ফাইনালিস্টদের নিয়ে নিজের মতামত জানাতে পিছপা হননি ভরত কল। তাঁর বেছে নেওয়া এই পাঁচ প্রতিযোগীকে ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক