জমে উঠেছে ‘বিগ বস বাংলা’। সৌরভের সঞ্চালনায় শুরু থেকেই দর্শকের নজর কেড়েছে এই রিয়ালিটি শো। প্রতিযোগীদের মধ্যে সম্পর্ক, বন্ধুত্ব, খুনসুটি থেকে শুরু করে বাকবিতণ্ডা—প্রতিটি মুহূর্তই এখন চর্চার কেন্দ্রে। এরই মধ্যে প্রথম সপ্তাহে অভিনেতা অনিন্দ্য সেনগুপ্তের বিদায়ের পর আরও এক নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে শো। এ বার ‘বিগ বস বাংলা’-য় হতে চলেছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি। রবিবারের বিশেষ পর্বে সেই নতুন প্রতিযোগীর পরিচয় প্রকাশ্যে আসার কথা। ইতিমধ্যেই চ্যানেলের প্রকাশিত প্রোমো ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।
প্রোমোয় দেখা যাচ্ছে, কালো প্যান্ট, নীল টি-শার্ট, চোখে রোদচশমা এবং হাতে ব্লেজার নিয়ে এক সুঠামদেহী পুরুষ ‘বিগ বস’-এর ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। তাঁর চেহারা ও পোশাক দেখেই দর্শকের একাংশের মনে হয়েছে, তিনি সম্ভবত অভিনেতা জীতু কমল। সমাজমাধ্যমে জীতুর একটি পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। যদিও প্রোমোয় দেখা ব্যক্তির সঙ্গে জীতুর চেহারার মিল নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
এর মধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরে অন্য একটি নাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ‘বিগ বস বাংলা’-র ঘরে ঢুকতে পারেন এক সময়ের জনপ্রিয় টেলি-নায়ক জয় মুখোপাধ্যায়। ‘চোখের তারা তুই’ ধারাবাহিকের হাত ধরে বাংলা টেলিভিশনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন জয়। তাঁর চকোলেট বয় ইমেজ এবং ফিটনেস নিয়ে একসময় দর্শকের মধ্যে যথেষ্ট উন্মাদনাও ছিল। কিন্তু ব্যক্তিগত জীবন এবং পেশাগত ক্ষেত্রে একাধিক বিতর্কের কারণে পরবর্তী সময়ে তাঁকে নিয়মিতভাবে ছোট পর্দায় দেখা যায়নি।
আরও পড়ুন,
শিক্ষক দিবসের দিনেই ঝোপজঙ্গল থেকে উদ্ধার বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি, বারুইপুরে উঠল প্রশ্ন
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়েও একসময় বিস্তর আলোচনা হয়েছিল। সেই সময় তাঁদের সম্পর্কের টানাপড়েন সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে। পরে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সঙ্গে সেটে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করেও বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার পর ধারাবাহিক থেকে জয়কে বাদ দেওয়া হয় বলে জানা যায়। এরপর ‘শ্রী দুর্গা’ ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেতা। তবে ছোট পর্দায় তাঁকে সেভাবে আর দেখা যায়নি। তাই সত্যিই যদি ‘বিগ বস বাংলা’-য় জয় মুখোপাধ্যায়ের ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়, তা হলে সেটি তাঁর টেলিভিশনে প্রত্যাবর্তনের বড় সুযোগ হতে পারে। তবে জয়ই যে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। তাঁকে ছাড়াও আরও এক জনপ্রিয় টেলি-নায়ক রেজওয়ান রব্বানি শেখের নাম নিয়েও জল্পনা চলছে।
ফলে রবিবারের পর্ব ঘিরে দর্শকের কৌতূহল এখন তুঙ্গে। প্রোমোয় দেখা রহস্যময় প্রতিযোগী জয় মুখোপাধ্যায়, জীতু কমল, রেজওয়ান রব্বানি শেখ—নাকি অন্য কেউ? সেই উত্তর মিলবে ‘বিগ বস বাংলা’-র পরবর্তী পর্বেই।
আরও পড়ুন,
‘প্রতারিত বোধ করেছি’, বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ‘বিগ বস্ ২০’-এর প্রতিযোগী ঈশা

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.