‘প্রতারিত বোধ করেছি’, বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’-এর প্রতিযোগী ঈশা

‘বিগ বস্‌ ২০’-এর ঘরে প্রবেশের আগেই ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী ঈশা রিখী। র‍্যাপার বাদশার সঙ্গে তাঁর সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। এবার প্রথম বার সেই সম্পর্ক ভাঙার প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, একটা সময় নিজেকেই প্রশ্ন করতেন— ‘‘আমি কী ভুল করেছিলাম?’’ এমনকি সম্পর্কের ক্ষেত্রে নিজেকে ‘প্রতারিত’ বলেও দাবি করেছেন তিনি।

মার্চ মাস থেকেই ঈশা রিখী এবং বাদশার সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। পরবর্তীতে ঈশার মা পুনম রিখী সমাজমাধ্যমে বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করলে সেই জল্পনা আরও বাড়ে। যদিও ঈশা নিজে সেই ছবি প্রকাশ্যে আনেননি। তাঁর দাবি, ব্যক্তিগত জীবনকে বরাবরই ব্যক্তিগত রাখতে চেয়েছেন তিনি।

‘বিগ বস্‌ ২০’-এর সম্প্রচার শুরুর আগে এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে ঈশা জানান, পুরো পরিস্থিতি তাঁর জন্য অত্যন্ত কঠিন ছিল। তিনি যাঁকে ভালবাসতেন, তাঁকে এবং তাঁদের সম্পর্ক— দু’টোকেই রক্ষা করার চেষ্টা করেছিলেন। দু’জন মানুষের ব্যক্তিগত বিষয়কে প্রকাশ্যে এনে কোনও ধরনের নাটক তৈরি করতে চাননি অভিনেত্রী। তবে তাঁর মায়ের পোস্ট করা বিয়ের ছবিই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বলে জানিয়েছেন ঈশা। অভিনেত্রীর কথায়, ছবি প্রকাশ্যে আসার পর মায়ের সঙ্গে তাঁর একাধিক বার ঝগড়াও হয়েছিল। যদিও পরে তিনি বুঝতে পারেন, বিষয়টি আর তাঁর নিয়ন্ত্রণে নেই।

আরও পড়ুন,
পুনমের ভিডিয়ো দেখে পুরুষদের শরীরে কী হয়? বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর, যৌনকর্ম বৈধ করার পক্ষেও সওয়াল

সেই সময় মানসিক ভাবে যথেষ্ট ভয় পেয়েছিলেন ঈশা। কারণ, তাঁর মা এক রকম কথা বলছিলেন, অন্য দিকে বাদশার বক্তব্য ছিল সম্পূর্ণ আলাদা। ফলে গোটা পরিস্থিতি নিয়ে তিনি নিজেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন।

ঈশার দাবি, ছবি পোস্ট হওয়ার পর বাদশার সঙ্গে তাঁদের একাধিক বার কথা হয়েছিল। কিন্তু সেই কথোপকথনও তাঁকে আরও বিভ্রান্ত করে। অভিনেত্রীর কথায়, ‘‘ছবিগুলো পোস্ট হওয়ার পর আমরা অনেক বার কথা বলেছিলাম। ও আমাকে অন্য একটা ছবি দেখাচ্ছিল, যেটা আসল ছবি ছিল না। আমি নিজেকেই প্রশ্ন করছিলাম— আমি কী করে এতটা বোকা হতে পারি? ওটা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।’’ তাঁকে যখন সরাসরি প্রশ্ন করা হয়, তিনি নিজেকে প্রতারিত মনে করেন কি না, তখন ঈশার উত্তর, ‘‘প্রতারিত? হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।’’

তবে ঈশার এই মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত বাদশার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্য দিকে, ‘বিগ বস্‌ ২০’-এর ঘরে প্রবেশের আগে অভিনেত্রীর এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নতুন করে চর্চা শুরু হয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক