রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজো। নতুন সরকারের আমলে দুর্গাপুজোর অনুদান নিয়ে জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পর তিনি ঘোষণা করেন, এ বারও দুর্গাপুজোর কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে সরকারি অনুদান দেওয়া হবে। তবে আর্থিক ভাবে স্বচ্ছল এবং বড় বাজেটের পুজো কমিটিগুলিকে এই অনুদান না নেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, যেসব পুজো কমিটি সরকারি সাহায্য ছাড়া পুজো আয়োজন করতে সমস্যায় পড়বে, মূলত তাদের জন্যই এই অনুদান। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে সকলকে সরকারি অর্থ দেওয়া তাঁর উদ্দেশ্য নয়। বড় বাজেটের পুজোগুলিকে নিজেদের সামর্থ্য অনুযায়ী পুজোর আয়োজন করার আহ্বান জানান তিনি।
পুজোয় বিনামূল্যে বিদ্যুৎ
শুধু অনুদান নয়, দুর্গাপুজো কমিটিগুলির জন্য আরও একাধিক সুবিধার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কলকাতা-সহ গোটা রাজ্যে পুজো কমিটিগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই বিষয়ে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার পাশাপাশি সিইএসসির সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া পুজোর জন্য দমকলের ছাড়পত্র নিতে কোনও টাকা দিতে হবে না বলেও জানিয়েছেন শুভেন্দু।
পুজোয় ডিজে নিষিদ্ধ
এ বারের দুর্গাপুজোয় বেশ কিছু কড়া নিয়মও ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুজোর দিনগুলিতে রাজ্যের কোথাও ডিজে বাজানো যাবে না। একই সঙ্গে জাতীয় সড়ক আটকে কোনও কর্মসূচি করা যাবে না বলেও সতর্ক করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, মহরমের সময়ও ডিজে না বাজানো এবং অস্ত্র নিয়ে মিছিল না করার বিষয়ে প্রশাসনের তরফে নিয়ম মানানো হয়েছিল। একই ভাবে দুর্গাপুজোতেও সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
অষ্টমীতে বন্ধ মদের দোকান, পানশালাও
পুজোর মধ্যে আইনশৃঙ্খলা ও শৃঙ্খলা বজায় রাখতে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অষ্টমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে পানশালাও।
গত কয়েক বছর ধরে কলকাতার দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ ছিল কার্নিভাল। তবে নতুন সরকারের আমলে এ বার সেই কার্নিভাল হচ্ছে না। শুভেন্দু জানিয়েছেন, আগের মতো কোনও ‘চাপিয়ে দেওয়ার ব্যবস্থা’ থাকবে না এবং এ বার দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন করা হবে না।
মহালয়ার দিন ইডেনে বিশেষ অনুষ্ঠান
মহালয়ার দিন থেকেই এ বারের দুর্গোৎসবের সূচনা হবে। কলকাতার ইডেন গার্ডেনে পর্যটন দফতর এবং তথ্য ও সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রায় চার ঘণ্টার এই অনুষ্ঠানে ড্রোন শো এবং আতশবাজির প্রদর্শনী থাকবে। মহালয়ার দিনই কলকাতাবাসী দেবীর আগমন দেখতে পাবেন বলে জানিয়েছেন শুভেন্দু।
২৪ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন
প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো। তাই তার আগের দিন, অর্থাৎ ২৪ অক্টোবরের মধ্যে সমস্ত পুজো কমিটিকে প্রতিমা নিরঞ্জন করতে হবে।
পঞ্জিকা মেনে বিসর্জন দেওয়ার উপর জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে বিসর্জনের ঘাটে ক্রেন ব্যবহার করা যাবে না বলেও জানানো হয়েছে।
মণ্ডপ-প্রতিমায় ঐতিহ্য বজায় রাখার নির্দেশ
প্রতিমা ও মণ্ডপ তৈরির ক্ষেত্রেও পুজো কমিটিগুলিকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। এমন কোনও বিষয় যেন মণ্ডপ বা প্রতিমায় তুলে ধরা না হয়, যাতে বাংলার সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যে আঘাত লাগে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
এ ছাড়া মহালয়ার আগে পুজোর উদ্বোধন না করার কথাও জানিয়েছেন তিনি। দেবীপক্ষ থেকেই উদ্বোধনের কর্মসূচি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন,
পার্শ্বশিক্ষক থেকে শিক্ষাবন্ধু, একাধিক শিক্ষাকর্মীর ভাতা বৃদ্ধি! বছরে বাড়তি খরচ ৩৯০ কোটি
সরকারি পুরস্কারও থাকছে
দুর্গাপুজোয় এ বারও চালু থাকছে সরকারি শারদ সম্মান। শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ মণ্ডপ, পরিবেশবান্ধব পুজো, জনসমাগম ও ভিড় ব্যবস্থাপনা-সহ একাধিক বিভাগে পুরস্কার দেওয়া হবে। মণ্ডপ ও মৃৎশিল্পীদেরও পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিচারকেরা নিরপেক্ষ ভাবে পুরস্কার নির্বাচন করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
এ ছাড়া দিঘায় পুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। মহালয়ার পর রাজ্যের ছ’টি শহরে দু’দিনের অনুষ্ঠান হবে। কলকাতার চারটি ঘাটও সাজানো হচ্ছে। সাধারণ মানুষের প্রস্তাব অনুযায়ী বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি এবং বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য বিশেষ ভাবে ঠাকুর দেখার ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.