পার্শ্বশিক্ষক থেকে শিক্ষাবন্ধু, একাধিক শিক্ষাকর্মীর ভাতা বৃদ্ধি! বছরে বাড়তি খরচ ৩৯০ কোটি

স্কুলশিক্ষা দফতরের একাধিক চুক্তিভিত্তিক ও সহায়ক কর্মীর জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, চুক্তিভিত্তিক শিক্ষক, সমগ্র শিক্ষা মিশনের প্রশাসনিক কর্মী-সহ একাধিক বিভাগের কর্মীদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষাধিক কর্মী। সব মিলিয়ে বছরে সরকারের অতিরিক্ত খরচ হবে প্রায় ৩৯০ কোটি টাকা।

মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকারের প্রথম বাজেটে স্কুলশিক্ষা দফতরের বেশ কিছু ঘোষণা করা হলেও কোনও কোনও বিভাগের কর্মীরা সেই সুবিধা থেকে বাদ পড়েছিলেন। পরে স্কুলশিক্ষা দফতরের পক্ষ থেকে ভাতা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবেই সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা।

প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা
রাজ্যের প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের মাসিক ভাতা ১১,৯৪১ টাকা থেকে বাড়িয়ে ১৬,৯৪১ টাকা করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে বর্ধিত ভাতা কার্যকর হবে।উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রেও মাসিক ৫,০০০ টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে তাঁরা ১৫,৫২৩ টাকা করে পান। আগামী ১ নভেম্বর থেকে সেই ভাতা বেড়ে হবে ২০,৫২৩ টাকা। এই সিদ্ধান্তে প্রায় ২১,৮৪৯ জন পার্শ্বশিক্ষক উপকৃত হবেন।

শিক্ষাবন্ধুদেরও বড় সুখবর
শিক্ষাবন্ধুদের ভাতাও মাসে ৫,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। বর্তমানে তাঁরা মাসিক ৯,৯৫৪ টাকা পান। ১ নভেম্বর থেকে তাঁদের ভাতা বেড়ে হবে ১৬,৯৪১ টাকা। রাজ্যে প্রায় ২,২৮০ জন শিক্ষাবন্ধু এই সুবিধা পাবেন। এছাড়াও ২১ জন স্পেশ্যাল এডুকেটরের ভাতাও ৫,০০০ টাকা করে বাড়ানো হয়েছে।

সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের ভাতাও বাড়ল
সমগ্র শিক্ষা মিশনের প্রায় ২,১৭৪ জন প্রশাসনিক কর্মীর জন্যও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা বর্তমানে ২৫ হাজার টাকার কম ভাতা পান, তাঁদের মাসিক ভাতা ৫,০০০ টাকা করে বাড়বে।

যাঁদের ভাতা ২৫ হাজার টাকার বেশি কিন্তু ৪০ হাজার টাকার কম, তাঁদের ক্ষেত্রে বৃদ্ধি হবে ৭,০০০ টাকা। অন্যদিকে, ৪০ হাজারের বেশি থেকে ৫৫ হাজার টাকার মধ্যে যাঁরা ভাতা পান, তাঁদের মাসিক ভাতা ১০,০০০ টাকা করে বাড়ানো হবে।

একইসঙ্গে এমএসকে-র সম্প্রসারক ও সম্প্রসারিকাদের ভাতাও বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বছরে অতিরিক্ত খরচ প্রায় ৩৯০ কোটি
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একাধিক বিভাগের কর্মীদের ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের বছরে প্রায় ৩৯০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। সব মিলিয়ে উপকৃতের সংখ্যা লক্ষাধিক।

আরও পড়ুন,
গড়িয়াহাট বাজারে পুরসভার অভিযান, বাজেয়াপ্ত ১০-১৫ কেজি ফ্রোজেন চিকেন-মটন, মাছের নমুনা পাঠানো হল ল্যাবে

মুখ্যমন্ত্রীর কথায়, বাজেটে যাঁরা বঞ্চিত হয়েছিলেন, মন্ত্রিসভা তাঁদের প্রতি সহানুভূতি দেখিয়েছে। দীর্ঘদিনের দাবি পর্যালোচনা করে সরকার মনে করেছে, দাবিগুলি যুক্তিযুক্ত। সেই কারণেই তাঁদের সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উচ্চমাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষকদেরও ৫ হাজার টাকা বৃদ্ধি
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ সরকার। তাঁর দাবি, অবশেষে উচ্চমাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের মাসিক ৫,০০০ টাকা বেতনবৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এর ফলে ৬৬২ জন শিক্ষক-শিক্ষিকা পুজোর আগে উপকৃত হবেন।

তবে একইসঙ্গে তাঁদের দীর্ঘদিনের বেসিক পে চালুর দাবি আগামী দিনে কার্যকর হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক