কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে মুক্তি পেলো বাংলার আধ্যাত্মিক ইতিহাসের অন্যতম পরিচিত সাধক বামাখ্যাপাকে কেন্দ্র করে তৈরি হতে চলা নতুন বাংলা সিনেমা ‘সাধক বামাখ্যাপা’র টিজার। টিজার প্রকাশের পর থেকেই বামদেবের জীবন, সাধনা এবং তারাপীঠের আধ্যাত্মিক আবহকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
সাধক বামাখ্যাপা, যার আসল নাম ছিল বামাচরণ চট্টোপাধ্যায়, উনিশ শতকের বাংলার অন্যতম পরিচিত শক্তিসাধক। মা তারার প্রতি তার গভীর ভক্তি এবং তারাপীঠের সঙ্গে তার সম্পর্ক তাকে বাংলার ধর্মীয় ও লোকসংস্কৃতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করেছে। যেই চরিত্র ফুটিয়ে তুলবেন সব্যসাচী চৌধুরী।
নতুন এই সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল। বাংলা বিনোদন জগতে রহস্য, রোমাঞ্চ ও ভিন্নধারার গল্প বলার জন্য পরিচিত এই পরিচালক এবার বেছে নিয়েছেন এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক চরিত্রকে। ২০২৬ সালের বাংলা সিনেমার তালিকাতেও ‘সাধক বামাখ্যাপা’ সায়ন্তন ঘোষালের পরিচালিত কাজ হিসেবে উল্লেখ রয়েছে।
প্রযোজনার দায়িত্বে রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (SVF)। ফলে বিষয়বস্তুর পাশাপাশি প্রযোজনা সংস্থার নামও সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা বাড়িয়েছে। এর আগে বামাখ্যাপার জীবনকে কেন্দ্র করে টেলিভিশনেও একাধিক জনপ্রিয় কাজ হয়েছে। ‘মহাপীঠ তারাপীঠ’-এ সব্যসাচী চৌধুরীর অভিনীত বামাখ্যাপার চরিত্র দর্শকদের বিশেষভাবে মনে দাগ কেটেছিল।
এবার সেই বিষয়টি মাথায় রেখেই বড়ো পর্দায় আনা হবে ‘সাধক বামাখ্যাপা’। টিজার পোস্ট করে তাতে লেখা হয়, ‘যার সাধনা আজও জাগায় শিহরণ। আসছে সাধক বামাক্ষ্যাপা। কৌশিকী অমাবস্যার এই পুণ্য তিথিতে।’ টিজার দেখেই রীতিমতো উচ্ছ্বাস ভক্তমহলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.