সিনেদুনিয়ায় ফের শোকের ছায়া। বুধবারই মাকে হারিয়েছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। এর মধ্যেই এবার পিতৃবিয়োগের খবর জানালেন অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায়। গত সপ্তাহে প্রয়াত হয়েছেন তাঁর বাবা শৈলেন রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
বাবার মৃত্যুর খবর প্রকাশ্যে আনার মতো মানসিক অবস্থায় ছিলেন না শতাব্দী। তবে নিজেকে কিছুটা সামলে বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় বাবাকে হারানোর কথা জানান অভিনেত্রী। মাত্র ১৫ দিনের মধ্যে পরিস্থিতি এতটা বদলে যাবে, তা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।
জানা গিয়েছে, শৈলেন রায় বার্ধক্যজনিত কোনও গুরুতর সমস্যায় ভুগছিলেন না। মধুমেহ বা উচ্চ রক্তচাপও ছিল না তাঁর। তবে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার সময় পরীক্ষানিরীক্ষায় তাঁর ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। প্রায় ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শেষপর্যন্ত মৃত্যু হয় তাঁর।
বাবার চলে যাওয়ার ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি শতাব্দী। তবে বাবাকে দীর্ঘদিন অসুস্থ হয়ে ভুগতে হয়নি, এটুকুই তাঁর কাছে সান্ত্বনা। বাবার সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তিনি যখনই শুটিংয়ে যেতেন, বাবা তাঁর সঙ্গে থাকতেন।
বাবাকে স্মরণ করে সোশাল মিডিয়ায় মা-বাবার একাধিক পুরনো ছবি দিয়ে একটি কোলাজ পোস্ট করেছেন শতাব্দী। সেখানে তিনি লেখেন, “বাবাও চলে গেল – এই ভারী সত্যিটা মেনে নেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আজ এক যুগের অবসান হল। হয়তো মা ও বাবার সেই অনন্ত প্রেমের টান আবারও এক করে দিল তাঁদের। পরজন্মে আবার আমার বাবা-মা হয়েই এসো…।”
প্রিয় বাবা-মাকে হারিয়ে শোকস্তব্ধ শতাব্দী। তাঁর এই আবেগঘন পোস্টে অনুরাগী ও সহকর্মীরাও সমবেদনা জানিয়েছেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.