‘সোহিনী জীবনে কী করেছে?’ নন্দিনীর কটাক্ষের জবাব দিলেন তাপস পালের স্ত্রী

‘বিগ বস বাংলা’-র ঘরে সোহিনী পালকে ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। প্রয়াত অভিনেতা তাপস পালের মেয়ে হওয়ার সুবাদেই তিনি শোয়ে সুযোগ পেয়েছেন—এমন কটাক্ষ একাধিকবার শুনতে হয়েছে তাঁকে। সম্প্রতি প্রতিযোগী নন্দিনীর সঙ্গে তর্কের সময় সোহিনীর নিজস্ব পরিচয় ও কাজ নিয়ে প্রশ্ন ওঠে। এবার মেয়ের হয়ে মুখ খুললেন সোহিনীর মা তথা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল।

বিগ বসের ঘরে কথার লড়াইয়ের সময় নন্দিনীকে ‘স্নব’ বলে কটাক্ষ করেছিলেন সোহিনী। তিনি বলেছিলেন, বাইরে থাকলে নন্দিনীর সঙ্গে দু’কথাও বলতেন না। এর পালটা নন্দিনী প্রশ্ন তোলেন, “সোহিনীর নিজের কী পরিচয়? ও এমন কী কাজ করেছে?” এই মন্তব্যের পরই মেয়ের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত জীবন এবং অভিনয়জীবনের কথা তুলে ধরেন নন্দিনী পাল। তাপস পালের স্ত্রী জানান, অভিনয় সোহিনীর একমাত্র পেশা নয়। বরং অভিনয় তাঁর ভালোবাসা ও নেশা। পড়াশোনায়ও যথেষ্ট মেধাবী সোহিনী। দেশের একটি নামী ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে হিউম্যান রিসোর্স নিয়ে পড়াশোনা করার পর কর্পোরেট সংস্থায় চাকরিও করেছেন তিনি।

অভিনয় জগতেও সোহিনী নিজের যোগ্যতায় কাজ করেছেন বলেই দাবি তাঁর মায়ের। কৌশিক গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত এবং সৃজিত মুখোপাধ্যায়ের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন সোহিনী। পাশাপাশি অনুপম খেরের অ্যাক্টিং স্কুল থেকে অভিনয়ের প্রথাগত প্রশিক্ষণও নিয়েছেন তিনি। সোহিনীকে ‘স্টার কিড’ হিসেবে দেখার সমালোচনার জবাব দিয়ে নন্দিনী পাল বলেন, মেয়ে নিজের ইচ্ছায় তারকা পরিবারের জন্ম নেয়নি। তাঁর দাবি, সোহিনী নিজের যোগ্যতায় নিজের পথ তৈরি করেছেন।

শুধু পড়াশোনা, চাকরি বা অভিনয় নয়, মেয়ের অন্যান্য গুণের কথাও তুলে ধরেছেন নন্দিনী। তাঁর কথায়, সোহিনী একা ভ্রমণ করতে ভালোবাসেন, নিয়মিত ট্রেকিং করেন এবং শরীরচর্চার পাশাপাশি ম্যারাথনের প্রস্তুতিও নেন। নতুন ভাষা শেখার প্রতিও তাঁর আগ্রহ রয়েছে। পাশাপাশি পথের অবলা প্রাণী, পথশিশু এবং প্রবীণদের জন্যও তাঁর যথেষ্ট মমতা রয়েছে বলে জানান নন্দিনী। মেয়ের মানসিক দৃঢ়তার প্রশংসা করে নন্দিনী পাল আরও বলেন, জীবনে কঠিন পরিস্থিতি এলেও বারবার ঘুরে দাঁড়িয়েছেন সোহিনী। তাঁর মতে, একজন মানুষের পেশাগত সাফল্য এবং চারিত্রিক গুণ—দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।

তবে মায়ের এই বক্তব্যের পরেও বিতর্ক থামেনি। সোশ্যাল মিডিয়ায় একাংশের দাবি, বিগ বসের ঘরে নন্দিনীকে প্রথমে সোহিনীই অপমান করেছিলেন, তাই তাঁর মন্তব্যের পালটা জবাব পাওয়াটা অস্বাভাবিক নয়। আবার অন্যদিকে, সোহিনীর পাশে দাঁড়িয়েছেন তাঁর অনুরাগীদের একাংশ। ফলে সোহিনী-নন্দিনীর এই দ্বন্দ্ব নিয়ে বিগ বসের ঘরের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও চর্চা অব্যাহত।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক